সংসার ভেঙেছিল ৩০ বছর আগে, এবার...
তিন দশকের বেশি সময় আগে বিচ্ছেদ হয়েছিল হলিউড তারকা রিচার্ড গিয়ার ও সুপারমডেল সিন্ডি ক্রফোর্ডের। এবার তাঁদের পরবর্তী সংসারের সন্তানেরা একসঙ্গে অভিনয় করছেন।
এফএক্সের নতুন সিরিজ ‘দ্য শার্ডস’–এ অভিনয় করেছেন রিচার্ড গিয়ারের ছেলে হোমার গিয়ার ও সিন্ডি ক্রফোর্ডের মেয়ে কাইয়া গারবার। সিরিজটির নিউইয়র্ক প্রিমিয়ারে তাঁরা একসঙ্গে কাজের অভিজ্ঞতা জানান।
রিচার্ড গিয়ার ও তাঁর দ্বিতীয় স্ত্রী কেরি লওয়েলের ছেলে হোমার গিয়ার বলেন, ‘শুটিংয়ের আগে আমাদের কখনো দেখা হয়নি। শুটিং শুরুর দুই সপ্তাহ আগে অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে একটি আড্ডায় পরিচয় হয়। এরপর আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে।’
কাইয়া গারবার সিন্ডি ক্রফোর্ড ও ব্যবসায়ী র্যান্ডি গারবারের মেয়ে। সাংবাদিকেরা জানতে চান, মা–বাবার পুরোনো সম্পর্কের কারণে আগে থেকেই হোমারের সঙ্গে তাঁর পরিচয় ছিল কি না। জবাবে হাসতে হাসতে কাইয়া বলেন, ‘কোন সম্পর্ক?’
১৯৯১ সালে বিয়ে করেন রিচার্ড গিয়ার ও সিন্ডি ক্রফোর্ড। চার বছর পর তাঁদের বিচ্ছেদ হয়।
সহশিল্পী হিসেবে হোমারের প্রশংসা করেছেন কাইয়া। তিনি বলেন, ‘হোমার খুবই মজার মানুষ। সে আমাকে অনেক হাসায়। তার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে।’
এর আগে ‘ইউফোরিয়া’ সিরিজে অভিনয় করেছিলেন হোমার। অভিনয় নিয়ে এখনো বাবার পরামর্শ নেন তিনি।
হোমার বলেন, ‘আমি বাবাকে অভিনয় করে দেখাতে বলি না। বরং জানতে চাই, সেটে কীভাবে কাজ করতে হয়, কীভাবে এই পেশায় টিকে থাকা যায় এবং নিজের সেরাটা দেওয়া যায়। শুটিং চলার সময় প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে কথা বলি। তাঁর পরামর্শ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
সিএনএন অবলম্বনে