নিখোঁজ, দুর্ঘটনা ও ক্যানসার; তিন তারকার করুণ মৃত্যু
এক সিনেমায় অভিনয় করে তুমুল আলোচিত হয়েছিলেন তিন অভিনয়শিল্পী। এই একটি সিনেমাই তাঁদের ক্যারিয়ারের গতি বদলে দেয়। এই তিন অভিনেতার নাম জো পিশলার, পল ওয়াকার ও জেমস ভ্যান ডার বিক। তাঁরা ১৯৯৯ সালে মুক্তি পাওয়া হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ভার্সিটি ব্লুজ’–এ প্রধান চরিত্রে অভিনয় করেন। স্পোর্টস ঘরানার এই সিনেমা দর্শকের কাছে আলোচনায় জায়গা করে নেয়। ভক্তদের জন্য দুঃখের বিষয়, এই তারকারা মর্মান্তিকভাবে মারা যান।
১১ ফেব্রুয়ারি প্রয়াত হন অভিনেতা জেমস ভ্যান ডার বিক। তিনি ছিলেন এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা। সিনেমার মুক্তির পরে তিনি আলোচিত। এটা ছিল তাঁর ক্যারিয়ারের সেরা সিনেমার একটি। কিন্তু হঠাৎ করে তাঁর শরীরে ধরা পড়ে কোলোরেক্টাল ক্যানসার। এই ক্যানসারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। এই অভিনেতার মতোই ভক্তদের কাঁদিয়ে বিদায় নেন সিনেমার আরেক অভিনেতা পল ওয়াকার।
২০১৩ সালের ৩০ নভেম্বরের ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান অভিনেতা পল ওয়াকার। একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়। পরে জানা যায়, বেশি গতির কারণে তাঁদের একটি স্পোর্টস কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। পরে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান এই তারকা। তাঁর বয়স ছিল মাত্র ৪০ বছর। এই অভিনেতাকে ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমায় দলের অধিনায়ক ল্যান্স হারবার চরিত্রে দেখা গিয়েছিল।
এদিকে সিনেমাটি মুক্তির মাত্র সাত বছরের মাথায় নিখোঁজ হন অভিনেতা জো পিশলার। তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমা মুক্তির পরে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর কাজ বাড়তে থাকে। এর মধ্যেই ২০০৬ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ব্রেমারটন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আগে তিনি তাঁর গাড়িটি স্থানীয় একটি রেস্তোরাঁর কাছে পার্ক করে রেখে যান। পরে গাড়ির ভেতর তাঁর ব্যক্তিগত কিছু জিনিসপত্র ও একটি নোট পাওয়া যায়। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি। পুলিশ দীর্ঘদিন অনুসন্ধান চালালেও তাঁর নিখোঁজ হওয়ার রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে।
এদিকে সিনেমার আরেক অভিনেতা রন লেস্টার লিভার ও কিডনি জটিলতায় ২০১৬ সালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
নিখোঁজ হওয়া, দুর্ঘটনা ও কঠিন রোগ—তিন ভিন্ন ট্র্যাজেডিতে হারিয়ে যাওয়া এই চার তারকা এখন ভক্তদের কাছে শুধুই স্মৃতি। সিনেমাটি তরুণদের ফুটবল খেলাকে কেন্দ্র করে। হঠাৎ করেই একজন খেলোয়াড় আহত হন। তার জায়গায় বিকল্প খেলোয়াড় নিয়ে নানা ঝুট ঝামেলা তৈরি হয়। সেই গল্পটি দর্শক পছন্দ করেছেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন ব্রাইন রবিনস।