কাট বলার পরও চলছিল! সারার ক্যারিয়ারের সেরা চুম্বনের দৃশ্য সেটি

সারা শাহি। রয়টার্স

হলিউড অভিনেত্রী সারা শাহি অনেক বছর পর জানালেন, জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য সোপরানোস’-এ প্রয়াত অভিনেতা জেমস গান্ডোলফিনির সঙ্গে করা অন্তরঙ্গ দৃশ্যটি তাঁর অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। এমনকি গান্ডোলফিনিকে তিনি নিজের ক্যারিয়ারের ‘সেরা চুমুর সঙ্গীদের একজন’ বলেও উল্লেখ করেছেন।

সম্প্রতি পডকাস্ট ‘দ্য বসটিকস’-এ অতিথি হয়ে শাহি ২০০৭ সালে প্রচারিত ‘দ্য সোপরানোস’-এর ষষ্ঠ মৌসুমের পর্বে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। ওই পর্বে তিনি সোনিয়া চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি টনি সোপ্রানোর (জেমস গান্ডোলফিনি) প্রেমিকার ভূমিকায় ছিলেন।

সারা জানান, গান্ডোলফিনির সঙ্গে তাঁর একটি পূর্ণাঙ্গ অন্তরঙ্গ দৃশ্য ছিল। তবে শুটিংয়ের আগে তাঁর মনে কিছুটা দ্বিধা কাজ করেছিল।

‘মনে মনে ভাবছিলাম, ৪৭ বছর বয়সী, স্থূলকায়, টাক পড়া একজন মানুষের প্রতি আমি কীভাবে আকর্ষণ অনুভব করব? এটা কীভাবে সম্ভব হবে?’ বলেন সারা। কিন্তু ক্যামেরা চালু হওয়ার পর তাঁর সেই ধারণা একেবারেই বদলে যায়।
সারার ভাষায়, ‘তিনি সত্যিই অসাধারণ ছিলেন। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা চুমু ছিল সেটি।’

‘দ্য সোপরানোস’-এ গান্ডোলফিনি ও সারা। আইএমডিবি

চরিত্রে ঢুকতে বিশেষ প্রস্তুতি
সারা জানান, গান্ডোলফিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ‘মেথড অ্যাক্টর’। দৃশ্যটিতে দুই চরিত্রকে মাশরুম খাওয়ার পর নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। সেই অনুভূতিটা বাস্তব করে তুলতে তিনি নাকি বিশেষ ব্যবস্থা করতে বলেছিলেন।

সারার ভাষায়, শুটিংয়ে ব্যবহারের জন্য শুকনা মাশরুমের মতো কিছু রাখা হয়েছিল। গান্ডোলফিনি চেয়েছিলেন, সেগুলোর ওপর প্রচুর মরিচ বা ঝাল মসলা দেওয়া হোক, যাতে মুখে নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তৈরি হয় এবং অভিনয় আরও বাস্তব মনে হয়।

আরও পড়ুন

‘কাট’ বলার পরও চলছিল চুমু
অভিনেত্রী আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের সময় তাঁরা এতটাই চরিত্রে ডুবে গিয়েছিলেন যে পরিচালক ‘কাট’ বলার পরও চুমু থামাতে পারেননি।
সারা বলেন, ‘একটি দৃশ্যে আমি তাঁর কোলে বসে আছি, আমরা মাশরুম খাচ্ছি, তারপর চুমু খাই। পরিচালক কাট বলার পরও আমরা চুমু খেতেই থাকি। এমনটা তিন-চারবার হয়েছে। প্রতিবারই “কাট” বলা হয়েছে, আর আমরা তখনো একে অপরকে চুমু খাচ্ছিলাম।’

জেমস গান্ডোলফিনি ২০১৩ সালে ৫১ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। টনি সোপ্রানো চরিত্রে তাঁর অভিনয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম সেরা অভিনয় হিসেবে বিবেচিত হয়।

ইন স্টাইল সাময়িকী অবলম্বনে