বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে

হ্যালি বেরি। রয়টার্স

ছয় বছর ধরে সম্পর্কের পর অবশেষে সংগীতশিল্পী ভ্যান হান্টের সঙ্গে বাগ্‌দানের খবর নিশ্চিত করলেন অস্কারজয়ী হলিউড তারকা হ্যালি বেরি। সাম্প্রতিক সময়ের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
জিমি ফ্যালনের জনপ্রিয় টক শো দ্য টুনাইট শো-তে হাজির হয়ে হ্যালি বেরি জানান, তাঁদের বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।

সাক্ষাৎকারে বেরি বলেন, ‘অনেকে ভেবেছে, ভ্যান আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর আমি না বলেছি। আসলে তা নয়। আমি না বলিনি। শুধু এখনো বিয়ের তারিখ ঠিক হয়নি। অবশ্যই আমি বলেছি, আমি তাকে বিয়ে করতে রাজি।’

এ সময় অনুষ্ঠানে বেরি নিজের আঙুলের বাগ্‌দানের আংটিও দেখান। জিমি ফ্যালন মজা করে আংটির আকার নিয়ে মন্তব্য করলে বেরি হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, সে একটা ছোট্ট আংটি পরিয়ে দিয়েছে।’

হ্যালি বেরি। রয়টার্স

এই ঘোষণা আসে কয়েক মাস পর, যখন ২০২৫ সালের জুনে ভ্যান হান্ট জানিয়েছিলেন, তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তবে বেরি তখন কিছুটা দ্বিধায় ছিলেন। এর পেছনে অভিনেত্রীর আগের দাম্পত্য অভিজ্ঞতাও একটি কারণ বলে ইঙ্গিত দিয়েছিলেন ভ্যান।

এর আগে একাধিক সাক্ষাৎকারে হ্যালি বেরি বলেছেন, ভ্যান হান্টের সঙ্গে তাঁর সম্পর্ক আগের সম্পর্কগুলোর থেকে আলাদা। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, আমরা বিয়ে করব। কারণ, আমার জীবনে যাঁদের বিয়ে করেছি, তাঁদের মধ্যে ভ্যানই সেই মানুষ, যাঁকে আমার আগে বিয়ে করা উচিত ছিল। তবে এটা কোনো চাপ থেকে নয়, আমরা শুধু চাই বলেই বিয়ে করতে চাই।’

আরও পড়ুন

হ্যালি বেরির আগে তিনবার বিয়ে করেছিলেন। তিনি প্রথম বিয়ে করেন সাবেক বেসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে, পরে গায়ক এরিক বেনেটকে ও সর্বশেষ অভিনেতা অলিভিয়ের মার্তিনেজকে।

২০২০ সালে কোভিড মহামারির সময় অনলাইনে পরিচয়ের মাধ্যমে হ্যালি বেরি ও ভ্যান হান্টের সম্পর্কের শুরু। ওই বছরই ইনস্টাগ্রামে সম্পর্কের কথা প্রকাশ করেন বেরি। ২০২১ সালে অস্কারের লালগালিচায় একসঙ্গে প্রথমবার প্রকাশ্যে হাজির হন এই জুটি।

ছয় বছরের সম্পর্কের পর এই বাগ্‌দান হ্যালি বেরি ও ভ্যান হান্টের ভক্তদের মধ্যেও দারুণ উচ্ছ্বাস তৈরি করেছে।

পেজ সিক্স অবলম্বনে