৩ দিনেই ১১ হাজার কোটি টাকা আয়!

‘‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর দৃশ্য। আইএমডিবি

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাম্প্রতিক সময়টা খুব একটা স্বস্তির ছিল না। একের পর এক বড় বাজেটের সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। সেই প্রেক্ষাপটে নতুন প্রাণ সঞ্চার করল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা) আয় করে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। এর চেয়ে বেশি আয় নিয়ে উদ্বোধন করতে পেরেছে কেবল ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি ডলার।

মাত্র তিন দিনের এই আয়ে সিনেমাটি সহজেই ছাড়িয়ে গেছে এর আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ ব্যয়। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই এটি বছরের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যগুলোর একটি হয়ে উঠেছে।

উত্তর আমেরিকাতেও ইতিহাস
যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রথম সপ্তাহান্তে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এর ফলে উত্তর আমেরিকার ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমা। প্রথম স্থানে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার।

আন্তর্জাতিক বাজার থেকেও এসেছে ৫৭ কোটি ২০ লাখ ডলার। বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটির আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় অবদান রেখেছে চীন, যেখানে আয় হয়েছে ১২ কোটি ১০ লাখ ডলার। যুক্তরাজ্যে উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছে ৪ কোটি ৯০ লাখ ডলার।

একাকিত্বের গল্পে স্পাইডার-ম্যান
২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার কয়েক বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। এবারও টম হল্যান্ড অভিনয় করেছেন পিটার পার্কার চরিত্রে। এমন এক পৃথিবীতে তাকে অপরাধের বিরুদ্ধে লড়তে হয়, যেখানে কেউ আর জানে না যে সেও স্পাইডার-ম্যান।

সিনেমাটির কেন্দ্রীয় বিষয় একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা। এমজে চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া, যিনি বাস্তব জীবনেও টম হল্যান্ডের স্ত্রী। তাঁদের রসায়ন সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

‘‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর দৃশ্য।
আইএমডিবি

সমালোচকদেরও প্রশংসা
মুক্তির পর দর্শক ও সমালোচক—দুই পক্ষের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। অনেক সমালোচকের মতে, স্পাইডার-ম্যান চরিত্রে এটিই টম হল্যান্ডের সেরা অভিনয়।

মার্ভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগি উদ্বোধনী সাফল্যকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বড় পর্দায় যেভাবে এই সিনেমা দেখার জন্য তৈরি করা হয়েছিল, সেভাবেই দর্শক সেটি উপভোগ করেছেন।

মার্ভেলের জন্য স্বস্তির খবর
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র এই সাফল্য মার্ভেল স্টুডিওসের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে ‘দ্য মার্ভেলস’ ও ‘থান্ডারবোল্টস’–এর মতো বড় বাজেটের সিনেমা প্রত্যাশিত দর্শক টানতে পারেনি। নির্মাণ ব্যয় তুলতে পারলেও সেগুলো মার্ভেলের তুলনামূলক কম আয় করা ছবিগুলোর মধ্যে জায়গা করে নেয়।

এ অবস্থায় ‘ব্র্যান্ড নিউ ডে’ নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে স্টুডিওকে। বিশেষ করে আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র আগে এই সাফল্যকে বড় ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন

এখনো সোনার খনি স্পাইডার-ম্যান
মার্ভেলের সবচেয়ে লাভজনক ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি স্পাইডার-ম্যান। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি ডলার আয় করেছিল। নতুন সিনেমাটির উদ্বোধনী সাফল্যও প্রমাণ করল, সুপারহিরো ঘরানায় দর্শকের আগ্রহ কমলেও স্পাইডার-ম্যানের জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি।

আবারও জেগে উঠছে সিনেমা হল
করোনা মহামারির পর বিশ্বজুড়ে সিনেমা হলে দর্শক উপস্থিতি কমে যায়। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের উত্থান সেই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। তবে ২০২৬ সালে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর দৃশ্য। আইএমডিবি

উত্তর আমেরিকার বক্স অফিস আয় ২০১৯ সালের পর এবারই আবার ১০ বিলিয়ন ডলার ছাড়ানোর পথে। এ বছর ইতিমধ্যে ‘টয় স্টোরি ৫’, ‘মাইকেল’ এবং ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’—এই তিন সিনেমা এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
এ ছাড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ও এক বিলিয়ন ডলারের মাইলফলক ছোঁয়ার পথে রয়েছে।

শুধু বড় বাজেটের সিনেমাই নয়, স্বল্প বাজেটের স্বাধীন ধারার ছবিও চমক দেখিয়েছে। ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’—দুটি স্বাধীন হরর সিনেমাই বিশ্বজুড়ে ৩৯ কোটি ডলারের বেশি আয় করে প্রমাণ করেছে, ভালো গল্প ও ইতিবাচক মুখে মুখে প্রচার থাকলে ছোট বাজেটের ছবিও বিশ্ববাজারে বড় সাফল্য পেতে পারে।

বিবিসি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে