৫০০ বার ‘না’ শুনেও থামেননি, এখন দেড় শ কোটি টাকার মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেইলিন উডলি। ছবি: ইনস্টাগ্রাম

শৈশবেই অভিনয়ে হাতেখড়ি। কৈশোরে মেরুদণ্ডের জটিল রোগ, ক্যারিয়ারের শুরুতে শত শত প্রত্যাখ্যান, আবার খ্যাতির চূড়ায় পৌঁছেও হলিউড ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’, ‘ডাইভারজেন্ট’ ও ‘বিগ লিটল লাইস’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী হলেন শেইলিন উডলি। ১৯৯১ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম তাঁর। আজ ৩৫ বছরে পা দিলেন এই অভিনেত্রী।
শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও সাফল্যের পথটা শেইলিন উডলির জন্য সহজ ছিল না। সব বাধা পেরিয়ে আজ তিনি হলিউডের পরিচিত মুখ। ২০২৬ সালে ‘প্যারাডাইস’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার এমি পুরস্কারও পেয়েছেন। তাঁর জীবনের বন্ধুর পথের গল্পটা দেখে নেওয়া যাক।

৫০০ বার প্রত্যাখ্যান, তারপর সাফল্য
মাত্র চার বছর বয়সে মডেলিং শুরু করেন শেইলিন। পাঁচ বছর বয়সে শুরু করেন অভিনয়ের প্রশিক্ষণ। ১৯৯৯ সালে টেলিভিশন সিনেমা ‘রিপ্লেসিং ড্যাড’ দিয়ে পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ‘দ্য ডিস্ট্রিক্ট’, ‘ক্রসিং জর্ডান’, ‘দ্য ওসি’সহ বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে ছোট চরিত্রে অভিনয় করেন।
তবে শুরুটা মোটেও মসৃণ ছিল না। ২০১৪ সালে ভ্যানিটি ফেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা তুলে ধরেন শেইলিন। তিনি জানান, একটি বিজ্ঞাপনে কাজের সুযোগ পাওয়ার আগে প্রায় ৫০০ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। প্রথমে একটি হোন্ডা গাড়ির বিজ্ঞাপনে কাজের সুযোগ পান। পরে প্রায় ৪০টি বিজ্ঞাপনে অভিনয় করেন। এত প্রত্যাখ্যানের পরও অভিনয় চালিয়ে গেছেন। তাঁর ভাগ্য বদলে দেয় ২০১১ সালের সিনেমা ‘দ্য ডিসেনড্যান্টস’। আলেকজান্ডার পেইন পরিচালিত ছবিতে জর্জ ক্লুনির মেয়ের চরিত্রে অভিনয় করেন শেইলিন। তাঁর অভিনয় প্রশংসিত হয়। এই ছবির জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন ও ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড পান।

শেইলিন উডলি। ছবি: ইনস্টাগ্রাম

১৩ বছর ধরে সাফল্যের পথে
১৩ বছর ধরে শেইলিন একের পর এক সাফল্যের পথে হেঁটেছেন। ২০১৩ সালে ‘দ্য স্পেকটাকুলার নাউ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান শেইলিন। পরের বছর আসে তাঁর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’। জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে ক্যানসারে আক্রান্ত কিশোরী হ্যাজেল গ্রেস ল্যাঙ্কাস্টারের চরিত্রে অভিনয় করেন তিনি। সহশিল্পী ছিলেন অ্যানসেল এলগর্ট। প্রেম, অসুস্থতা, মৃত্যু ও জীবনের প্রতি ভালোবাসার গল্পে শেইলিনের অভিনয় দর্শক–সমালোচক—দুই পক্ষেরই প্রশংসা পায়। ছবিটি বিশ্বজুড়ে ৩০ কোটি ডলারের বেশি আয় করে। একই বছর ‘ডাইভারজেন্ট’, পরে ‘ইনসার্জেন্ট’ ও ‘অ্যালিজিয়েন্ট’, ‘স্নোডেন’ সিনেমাগুলো তাঁর ক্যারিয়ারকে এগিয়ে দেয়। সেই ধারাবাহিকতায় এ বছর ‘প্যারাডাইস’ সিরিজে অ্যানি চরিত্রে অভিনয়ের জন্য প্রথমবার এমি পুরস্কার জেতেন তিনি।

জীবনের কঠিন সময়ে
ক্যারিয়ারের শুরুতে শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল শেইলিনকে। ১৫ বছর বয়সে তাঁর ইডিওপ্যাথিক স্কোলিওসিস ধরা পড়ে। এটি মেরুদণ্ডের একধরনের বক্রতা।
অন্যদিকে অভিনয়ে সাফল্য পেলেও হলিউডের জীবনযাপন নিয়ে সব সময় স্বস্তিতে ছিলেন না শেইলিন। খ্যাতি ও প্রচারের চাপ তাঁকে ভাবিয়ে তুলেছিল। ২০১৮ সালে পোর্টার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, জীবনের এমন একটি সময় এসেছিল, যখন প্রায় হলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ‘বিগ লিটল লাইস’–এর অভিজ্ঞতা তাঁকে আবার অভিনয়ের প্রতি আগ্রহী করে তোলে। ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করেছেন তিনি। ২০২৩ সালে পোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বাগ্‌দত্তা অ্যারন রজার্সের সঙ্গে বিচ্ছেদের পরের সময়কে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি বলে জানিয়েছিলেন। ওই সময়ে ‘থ্রি উইমেন’ সিরিজের শুটিং করছিলেন। তাঁর ভাষায়, ব্যক্তিগত জীবনের অস্থিরতা ও শুটিংয়ের অভিজ্ঞতা মিলিয়ে সময়টি ছিল ভীষণ কঠিন।

শেইলিন উডলি। ছবি: এপি

নিজের বাড়ি ছেড়ে বন্ধুর বাসায়
শেইলিনের জীবনযাপনের একটি ঘটনা একসময় হলিউডে বেশ আলোচনার জন্ম দেয়। ২০১৪ সালে ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে তিনি জানান, নিজের বাড়িটি দাদিকে দিয়ে দিয়েছেন। এরপর নিজে স্থায়ী বাড়িতে না থেকে একটি ছোট হাতব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলাফেরা করতেন। বাসা না থাকায় এমনও হয়েছে যে বন্ধুর বাসার সোফায় রাত কাটাতেন। শুধু তা–ই নয়, প্রায়ই তিনি অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় চলে যেতেন। এল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, বস্তুগত সম্পদের চেয়ে অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সম্পর্ক তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। পরে পোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য জানান, দীর্ঘদিন এভাবে থাকার পর নিজের একটি বাড়ি বা স্থায়ী ঠিকানার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল।

প্রেম, বাগ্‌দান ও ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না শেইলিন। ২০১৮ সালে ফিজিয়ান–অস্ট্রেলীয় রাগবি খেলোয়াড় বেন ভোলাভোলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। পরে তাঁদের বিচ্ছেদ হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা অ্যারন রজার্সের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০২১ সালে তাঁদের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। তবে ২০২২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।
সেই সময় ব্যক্তিগত সম্পর্কের বাইরে নিজের কাজ, পরিবেশবাদী কর্মকাণ্ড ও নতুন প্রকল্প নিয়েই বেশি মনোযোগী শেইলিন। অভিনয়ের বাইরে পরিবেশ রক্ষার আন্দোলনেও যুক্ত তিনি। ২০১০ সালে মায়ের সঙ্গে ‘অল ইট টেকস’ নামে একটি অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেন। তরুণদের মধ্যে সহমর্মিতা, দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা তৈরিতে কাজ করে সংগঠনটি। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় ডাকোটা অ্যাকসেস পাইপলাইনবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হন তিনি।

শুটিংয়ে শেইলিন উডলি। ছবি: আইএমডিব

কত সম্পদের মালিক শেইলিন
ভোগ ডটকমের তথ্যমতে, শেইলিন উডলির আনুমানিক সম্পদের পরিমাণ ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৪৭ বা দেড় শ কোটি টাকা। এ ছাড়া আইএমডিবিতে সিরিজের প্রতি পর্বে পারিশ্রমিক ৪০ হাজার ডলার বলে উল্লেখ করা হয়েছে। এই অভিনেত্রী জীবনকে দেখেন নিজের বিশ্বাস, স্বাধীনতা ও মূল্যবোধের আলোকে। তাঁর কাছে জীবনের সাফল্য শুধু খ্যাতি বা অর্থ উপার্জন নয়; বরং নিজের মতো করে বাঁচা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং যে কাজে সত্যিকার অর্থে পরিবর্তন আনা সম্ভব, তাতে সময় ও শক্তি ব্যয় করাই গুরুত্বপূর্ণ।

শেইলিন মনে করেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা—ভালো কিংবা কঠিন, সেটি মানুষকে নতুন করে চিনতে শেখায়। হলিউডের ঝলমলে জীবন থেকে দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি থাকা, ভ্রমণ করা এবং পরিবেশ ও সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করার মধ্যেও তিনি জীবনের অর্থ খুঁজে পান। যে কারণে তিনি প্রচুর ঘুরতে পছন্দ করেন। এই নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘টাকা বাঁচাতে আমি প্রতিদিন একই খাবার খেতে পারি। কিন্তু ভ্রমণ, নতুন জায়গা দেখা ও অভিজ্ঞতা অর্জনের জন্য খরচ করতে আমার আপত্তি নেই। বস্তুগত সম্পদের চেয়ে অভিজ্ঞতা থেকেই আমি বেশি আনন্দ পাই।’