পিঁপড়া, মাকড়সার পর এবার সাপের নাম দেওয়া হলো হ্যারিসন ফোর্ডের নামে
পর্দায় ইন্ডিয়ানা জোন্সকে বেশ কয়েকবার সাপের মুখোমুখি হতে হয়। ইন্ডিয়ানা চরিত্রে অভিনয় করা হ্যারিসন ফোর্ড বাস্তবে অবশ্য সাপ ভালোবাসেন। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের জন্য নিয়মিত কাজ করেন। পরিবেশের প্রতি তাঁর ভূমিকার জন্য পেরুতে আবিষ্কৃত নতুন প্রজাতির সাপের নামকরণ করা হয়েছে হ্যারিসন ফোর্ডের নামে। খবর বিবিসির
গত বছরের মে মাসে পেরুর ওটিশি ন্যাশনাল পার্কে আবিষ্কৃত পূর্ণবয়স্ক সাপটির দৈর্ঘ্য ১৬ ইঞ্চি। পেরু ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা যৌথভাবে সাপটি আবিষ্কার করেছেন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয়। গত মঙ্গলবার জার্মান সোসাইটি ফর হারপেটোলজি অ্যান্ড হারপেটো কালচার সাপটির নাম দেয় টেকিমেনোয়েডস হ্যারিসনফোর্ডি।
তাঁর নামে নতুন প্রজাতির সাপের নামকরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। এর আগে হ্যারিসন ফোর্ডের নামে পিঁপড়া ও মাকড়সার নামকরণ করা হয়।
তাঁর নামে সাপের নামকরণ প্রসঙ্গে অভিনেতা এক বিবৃতিতে মজা করে বলেন, ‘বিজ্ঞানীরা আমাদের নামে এমন সব প্রাণীর নামকরণ করেন, যা দেখে শিশুরা ভয় পায়।’
বিবৃতিতে অভিনেতা আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না। আমি আমার অবসর কাটাই সেলাই করে। আমার তুলসী গাছকে ঘুমপাড়ানি গান শোনাই, যাতে তারা রাতে ভয় না পায়।’ নতুন সব উদ্ভাবনের জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানান ৮১ বছর বয়সী অভিনেতা।
১৯৯৩ সালে হ্যারিসন ফোর্ডের নামে প্রথম একটি মাকড়সার নামকরণ করা হয়।
চলতি বছর অভিনেতাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’ সিনেমায়। ইন্ডিয়ানা জোন্স চরিত্রে এটিই তাঁর শেষ সিনেমা।