ভ্যাম্পায়ার প্রেমের গল্পের নায়িকা থেকে সাহসী অভিনেত্রী

হলিউডের আলোচিত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ভ্যাম্পায়ার প্রেমের গল্প ‘টোয়ালাইট’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে সারা দুনিয়ার তরুণদের হৃদয়ে ঝড় তুলেছিলেন। ক্যারিয়ারের পরের দিকে অবশ্য মূল ধারার বাণিজ্যিক সিনেমার চেয়ে স্বাধীন ধারার সিনেমাই বেশি করেছেন। শুরু করেছেন নির্মাণও। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে আইএমডিবি অবলম্বনে জেনে নেওয়া যাক ক্রিস্টেন সম্পর্কে জানা-অজানা ১০ তথ্য:

১ / ১০
১৯৯০ সালের ৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম ক্রিস্টেন স্টুয়ার্টের। বাবা জন স্টুয়ার্ট ছিলেন টেলিভিশন প্রযোজক ও মা জুলস স্টুয়ার্ট স্ক্রিপ্ট সুপারভাইজার, অর্থাৎ ছোটবেলা থেকেই তিনি শোবিজের জগতের সঙ্গে পরিচিত। রয়টার্স
২ / ১০
খুব অল্প বয়সেই অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ‘প্যানিক রুম’ ছবিতে জুডি ফস্টারের মেয়ের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। আইএমডিবি
৩ / ১০
ক্রিস্টেন স্টুয়ার্টের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘টোয়ালাইট’-এর ‘বেলা’ চরিত্রটি। এই ফ্র্যাঞ্চাইজি রাতারাতি তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। আইএমডিবি
৪ / ১০
ফ্রান্সের মর্যাদাপূর্ণ সিজার জয় করা খুব কম আমেরিকান অভিনেতার পক্ষে সম্ভব হয়েছে। স্টুয়ার্ট সেই বিরল তালিকার একজন। আরেকজন হলেন অড্রিয়েন ব্রডি। রয়টার্স
৫ / ১০
চরিত্রের প্রতি নিবেদন স্টুয়ার্টের সবচেয়ে বড় শক্তি। ‘দ্য রানওয়েজ’-এ আলোচিত রক গায়িকা জোয়ান জেটের ভূমিকায় অভিনয়ের আগে তিনি জেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। শুধু অভিনয় নয়, তাঁর চলাফেরা, কণ্ঠ, স্টেজ উপস্থিতি—সবকিছু নিখুঁতভাবে আয়ত্ত করেন। এমনকি ছবির জন্য তিনি নিজেই গান গেয়েছেন ও গিটার বাজিয়েছেন। জোয়ান জেট নিজেও পরে তাঁর অভিনয়ের প্রশংসা করে বলেন, এই উপস্থাপন তাঁকে গর্বিত করেছে। আইএমডিবি
৬ / ১০
একইভাবে ‘ওয়েলকাম টু দ্য রাইলিজ’-এ এক বিপথগামী কিশোরীর চরিত্রে অভিনয়ের জন্য স্টুয়ার্ট নিজেকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে ফেলেন। তিনি ঘুম কমান, ধূমপান শুরু করেন এবং জাংক ফুড খান, যে কারণে তাঁর শরীরজুড়ে ক্ষত, ত্বকে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এই আত্মনিবেদনই তাঁর অভিনয়কে বাস্তবতার কাছাকাছি নিয়ে যায়। আইএমডিবি
৭ / ১০
অন্যদিকে ‘স্লো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’-এ তিনি বেশির ভাগ স্টান্ট নিজেই করেন। শুটিংয়ের সময় চোটও পান, তবু কাজ থামাননি। আবার ‘অন দ্য রোড’-এ কাজ করার জন্য বাজেট কমে যাওয়ার পরও কম পারিশ্রমিকে রাজি হন। কারণ, জ্যাক কেরুয়াকের উপন্যাসটির প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর। আইএমডিবি
৮ / ১০
. স্টুয়ার্ট শুধু অভিনেত্রী নন, তিনি একজন সংগীতপ্রেমীও। গিটার ও ট্রাম্পেট বাজাতে পারেন, ফটোগ্রাফিও তাঁর প্রিয় শখ। ছোটবেলায় স্কুলের নাটকে গান গাওয়ার সময়ই এক ট্যালেন্ট এজেন্টের নজরে পড়েন, সেখান থেকেই তাঁর অভিনয়জীবনের শুরু। পরে ‘ইনটু দ্য ওয়ার্ল্ড’ ও ‘দ্য রানওয়েজ’ সিনেমায় নিজেই গানে কণ্ঠ দেন। আইএমডিবি
আরও পড়ুন
৯ / ১০
ফোর্বসের তালিকায় একসময় হলিউডের সর্বোচ্চ আয় করা অভিনেত্রীদের শীর্ষে ছিলেন তিনি। কিন্তু অর্থ কিংবা জনপ্রিয়তার চেয়ে নিজের কাজের প্রতি ভালোবাসাকেই সব সময় প্রাধান্য দিয়েছেন স্টুয়ার্ট। তাই তো বড় বাজেটের সিনেমার পাশাপাশি ছোট, গল্পনির্ভর সিনেমাতেও সমান আগ্রহ নিয়ে কাজ করেন। চরিত্রের জন্য তাঁর নিবেদনের প্রশংসা করেছেন সমালোচকেরা। অনেকের মতে, ক্রিস্টেন এই সময়ের অন্যতম সাহসী অভিনেত্রী। রয়টার্স
১০ / ১০
তাঁর অন্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘ক্লাউডস অব সিলস মারিয়া’, ‘পারসোনাল শপার’, ‘স্পেনসার’ ইত্যাদি। এর মধ্যে ‘স্পেনসার’ সিনেমায় প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় তাঁকে অস্কার মনোনয়ন এনে দেয়। এখন অভিনয় ছাড়া নির্মাণে মনোযোগী হয়েছেন ক্রিস্টেন। জানিয়েছেন, ভবিষ্যতে তাঁকে দুই ভূমিকাতেই দেখা যাবে। আইএমডিবি