দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ বছর বয়সী রোনানখ্যাত পিরিয়ড ড্রামায় অভিনয়ের জন্য
ছবি : রয়টার্স

এই সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে সমালোচকদের প্রিয় পাত্রীদের একজন সার্শা রোনান। ‘ব্রুকলিন’, ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’খ্যাত আইরিশ অভিনেত্রী চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন। ২৮ বছর বয়সী রোনানখ্যাত পিরিয়ড ড্রামায় অভিনয়ের জন্য। আবারও পিরিয়ড ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। রোনান অভিনয় করবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত স্টিভ ম্যাকুইনের ছবি ‘ব্লিটজ’-এর কেন্দ্রীয় চরিত্রে।

অ্যাপল টিভি প্লাসের প্রজেক্টটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমাবর্ষণের সময় একদল লন্ডনবাসীর গল্প দেখানো হবে। পরিচালনার সঙ্গে কুইন একই সঙ্গে ছবিটির চিত্রনাট্যকার ও প্রযোজকও বটে। চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিতে রোনানের চরিত্র সম্পর্কে জানা যায়নি। ‘ব্লিটজ’-এ তাঁর সঙ্গে দেখা যাবে নবীন অভিনয়শিল্পীদের।

সার্শা রোনান
ছবি : রয়টার্স

‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’খ্যাত পরিচালক ম্যাকুইন অনেক দিন ধরে সিনেমায় অনুপস্থিত। ২০১৮ সালে তাঁর সর্বশেষ সিনেমা ‘উইডোস’ মুক্তির পর অ্যান্থলজি সিরিজ করলেও ছবি করেননি। সে হিসাবে বছর পাঁচেক পর পূর্ণদৈর্ঘ্য ছবি নিয়ে ফিরছেন তিনি। জানা গেছে, ‘ব্লিটজ’ সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে।

চলতি মাসেই রোনানের সর্বশেষ ছবি ‘সি হাউ দে রান’ মুক্তি পেয়েছে। মিস্ট্রি কমেডি ঘরানার ছবিটির প্রচারে এসে অভিনেত্রী জানিয়েছেন নিজের একটি আফসোসের কথাও। বলেছেন ‘লেডি বার্ড’ পরিচালক গ্রেটা গারউইগের নতুন ছবি ‘বারবি’তেও অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু অন্য ছবির সঙ্গে শুটিং সূচি সাংঘর্ষিক হওয়ায় পারেননি। এ প্রসঙ্গে রোনান বলেন, ‘ছবিতে আমার অতিথি চরিত্রে অভিনয়ের কথা ছিল। আমি লন্ডনে থাকি, শুটিং যেহেতু সেখানেই হচ্ছিল, ভেবেছিলাম করে ফেলব। কিন্তু ‘দ্য আউটরান’-এর শুটিংয়ের জন্য স্কটল্যান্ড থাকতে পারিনি।’

‘সি হাউ দে রান’ –এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

আগামী বছর বারবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে এখনো ছবিটিতে এক্রমুহূর্তের জন্য হলেও অভিনয়ের আশা ছাড়েননি রোনান, ‘গ্রেটা ও মার্গটকে (‘বারবি’র অভিনেত্রী মার্গট রবি) খুদে বার্তা পাঠিয়েছি, তোমরা যদি বাড়তি কোনো দৃশ্যের শুটিং করো, আমি নিজের চেহারা দেখাতে পেছন নিয়ে হেঁটে যেতে চাই।’