এবার ‘ব্যালেরিনা’র অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনা ডে আরমাস
রয়টার্স

২৪ মার্চ মুক্তির পর বিশ্বব্যাপী ২৫০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ‘জন উইক: চ্যাপ্টার ফোর’। রটেন টোমাটোজে ৯৫ শতাংশ তাজা রেটিং পেয়েছে। জনপ্রিয় ও সমালোচক প্রশংসিত ছবিটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই এল নতুন ঘোষণা—জন উইক-এর স্পিন অফ সিনেমা ‘ব্যালেরিনা’ মুক্তি পাবে ২০২৪ সালের ৭ জুন। জানিয়েছে মার্কিন চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ভ্যারাইটি।

এই ‘ব্যালেরিনা’ এসেছে ‘জন উইক ৩’ থেকে। ছবিটিতে রুনি নামে একটি চরিত্র ছিল, গুপ্তঘাতক হওয়ার জন্য যে ব্যালে নাচের প্রশিক্ষণ নেয়। সেবার চরিত্রটিতে অভিনয় করেছিলেন ইউনিটি ফেলান। তবে স্পিন অফ ছবিতে তিনি থাকছেন না, রুনিরূপে হাজির হবেন আনা ডে আরমাস।

আনা ডে আরমাস
ইনস্টাগ্রাম

২০২৪ সালে ছবিটি মুক্তি পেলেও এর কাজ শুরু হয় ২০১৭ সালে, ২০২২ সালে আসে আনুষ্ঠানিক ঘোষণা। ‘জন উইক’ সিনেমা সিরিজের পরিচালক চ্যাড স্ট্যাহেলস্কি থাকবেন ছবিটির প্রযোজকের ভূমিকায়। পরিচালনা করবেন লেন ওয়াইজম্যান।

পরিবারের সদস্যরা খুন হওয়ার পর প্রতিশোধের নেশায় মরিয়া এক তরুণী এই রুনি। আগে দেওয়া সাক্ষাৎকারে চরিত্রটিতে অভিনয় ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেছিলেন আরমাস। তিনি বলেছিলেন, ‘ছবিটি করার সময় যে যন্ত্রণা হয়েছে, তা বলার নয়, এখনো আমার শরীর, পিঠে প্রচণ্ড ব্যথা বয়ে বেড়াচ্ছি। শুটিং করতে গিয়ে রীতিমতো ক্ষতবিক্ষত হয়েছি।’

আনা ডে আরমাস ছাড়া ছবিতে আছেন অ্যাঞ্জেলিকা হিউস্টন, গ্যাব্রিয়েল বার্ন, প্রয়াত অভিনেতা ল্যান্স রেড্ডিক এবং বিশেষ একটি চরিত্রে জন উইকরূপী কিয়ানু রিভস। কিয়ানুর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে আনা ডে আরমাস বলেন, ‘কিয়ানু আর আমি কঠিন সব স্টান্ট একসঙ্গে অনুশীলন করেছি। আক্ষরিক অর্থেই সে আমাকে ছুড়ে ফেলেছিল আর দুর্ধর্ষ স্টান্টগুলো নিজেই করছিল। সে যেহেতু নিজের স্টান্ট নিজেই করছিল, আমিও তাই অভিযোগ করতে পারছিলাম না। সে সত্যিই এ কাজে সেরা।’

আরও পড়ুন

জানা গেছে, ‘জন উইক’-এর তৃতীয় ও চতুর্থ কিস্তির মাঝামাঝি সময়ের প্রেক্ষাপট ধরে এগিয়েছে ‘ব্যালেরিনা’র গল্প।