সামরিনের সঙ্গেই প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার
কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার অর্শদীপ সিং। ইনস্টাগ্রামে অভিনেত্রী সামরিন কৌরের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাই পারসন’। সঙ্গে ছিল একটি লাল হৃদয়ের ইমোজি ও একটি টেডি বিয়ারের মুখের ইমোজি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে যায় মন্তব্যের ঘর।
অর্শদীপের পোস্টটি শেয়ার করেছেন সামরিন কৌরও। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ২৭ লাখের বেশি লাইক এবং ১৯ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।
আইপিএল থেকেই শুরু হয়েছিল গুঞ্জন
অর্শদীপ ও সামরিনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে। সে সময় হিমাচল প্রদেশের ধর্মশালায় তাঁদের হাত ধরে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে মাঠের বাইরে একান্ত সময় কাটাচ্ছেন তাঁরা। সেই ভিডিও ঘিরেই প্রথমবার তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে ইনস্টাগ্রামের এই পোস্টের মাধ্যমে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলেন ভারতীয় এই ক্রিকেটার।
ভক্তদের মজার প্রতিক্রিয়া
অর্শদীপের পোস্টে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘পাজি, কত সোমবারের ব্রত রেখেছিলেন?’ ভারতীয় সংস্কৃতিতে ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য সোমবারের উপবাসের প্রচলিত বিশ্বাসকে ইঙ্গিত করেই এই রসিকতা। আরেকজন ক্রিকেটীয় ভাষায় মন্তব্য করেন, ‘ভাই, একেবারে পারফেক্ট লেন্থে বল করেছেন।’ অর্থাৎ জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
কে এই সামরিন কৌর
জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সামরিন কৌর ২০১৮ সালে ‘মিস জম্মু অ্যান্ড কাশ্মীর’ খেতাব জিতেছিলেন। এরপর অভিনয়জগতে পা রাখেন।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত কবির খানের আলোচিত ক্রিকেটভিত্তিক চলচ্চিত্র ‘৮৩’-তে তিনি সিমরান চরিত্রে অভিনয় করেন। ছবিতে তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধুর বাগ্দত্তার ভূমিকায় ছিলেন।
এ ছাড়া ২০২১ সালের আইনি থ্রিলার ‘নেইল পলিশ’-এ অভিনয় করেছেন, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন মানব কৌল ও অর্জুন রামপাল। এর আগে ২০১৬ সালের পাঞ্জাবি চলচ্চিত্র ‘সরদারজি ২’-তেও দেখা গেছে তাঁকে। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন দিলজিৎ দোসাঞ্জ, মণিকা গিল ও সোনম বাজওয়া।
চলচ্চিত্রের পাশাপাশি সামরিন কৌর জনপ্রিয় গায়ক বাদশাহ, গুরু রনধাওয়া ও মনীন্দর বুট্টারের একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।
অর্শদীপ সিং ও সামরিন কৌরের সম্পর্ক নিয়ে এত দিন নানা জল্পনা থাকলেও ইনস্টাগ্রামের এ পোস্টের পর সেটি আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। নিজেদের সম্পর্ক এবার আনুষ্ঠানিকভাবেই প্রকাশ্যে আনলেন এই নতুন তারকা জুটি।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে