অখ্যাত যদি থাকা যেত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রি লারসন
ব্রি লারসন

একটু যেন আফসোসই হচ্ছে তাঁর। খ্যাতির উপজাত হিসেবে নিয়ে আসে বিড়ম্বনাও। তবে ব্রি লারসন ঠিক বিড়ম্বনা বলছেন না, বলছেন ‘উদ্ভট’।
দীর্ঘদিন ধরে কাজ করে এলেও এত দিন মূলস্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। এ কারণে সে রকম পরিচিতি ছিল না লারসনের। এক রুম তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে। একের পর এক পুরস্কার জিতছেন। নামীদামি পত্রিকার দুঁদে সাংবাদিকেরা বাড়িয়ে ধরছে রেকর্ডার।
লারসন স্বীকার করলেন, ‘গত বছরের প্রতিটি পদক্ষেপ আমার জন্য ছিল নতুন। যেটা আমার জন্য ছিল ডাঙায় মাছের ছটফটানির মতো। নিজেকে বারবার জিজ্ঞেস করেছি, আমার জীবন কতটা বদলাবে? উত্তর মেলেনি।’
কিন্তু যে জীবন ফড়িংয়ের, দোয়েলের; সেটাই তো চেয়েছিলেন। তাই একটু যেন দীর্ঘশ্বাস, ‘এই জগতে, যেখানে সবকিছু চোখের পলকে বদলে যায়, সেখানে আবিষ্কার করেছি, কোনো প্রত্যাশা না থাকাই সবচেয়ে সুখে থাকা।’
রুম-এ তিনি অল্প বয়সী এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যে মা তাঁর ছোট্ট ছেলেকে নিয়ে একটি কক্ষে বন্দী জীবন যাপন করেন। লারসনের মনে হচ্ছে, এখন সেই চরিত্রটির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন, ‘সব সময়ই চেয়েছি নিজের ছোট্ট বুদ্বুদের ভেতর আটকে থাকা জগতের মধ্যেই থাকতে। চেয়েছি অচেনা কেউ হয়ে থাকতে, যাকে চোখেই পড়ে না।’ ইনডিপেনডেন্ট