অড্রে হেপবার্নের চিঠি

অড্রে হেপবার্ন—নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক অনিন্দসুন্দরীর মুখাবয়ব। তিনি মাতিয়ে রেখেছিলেন গত শতাব্দীর ষাট-সত্তরের দশকের হলিউডি দুনিয়া। মৃত্যুর এতগুলো বছর পরও তাঁকে নিয়ে কৌতুহলের শেষ নেই। সম্প্রতি তাঁর লেখা দশটি চিঠি নিলামে উঠেছিল। অড্রে এ চিঠিগুলো লিখেছিলেন তাঁর মেনটর ও আজীবন বন্ধু স্যার ফেলিক্স আইলমার্ককে। ২৯ জুন ১১ হাজার পাউন্ডে তা কিনে নিয়েছেন একজন হেপবার্ন-প্রেমী।
হেপবার্ন এই চিঠিগুলো লিখেছিলেন ১৯৫১ থেকে ১৯৬০ সালের মধ্যে। এটা ছিল সেই সময় যখন একজন অচেনা ব্যালেরিনা থেকে একজন নামজাদা হলিউড তারকা হয়ে উঠছিলেন তিনি।

১৯৫১ সালে লেখা এক চিঠিতে অড্রে লিখেছেন, ‘তুমি কি আমার কথা বিশ্বাস করবে? আমি একটি ফরাসি চলচ্চিত্রে অভিনয় করার জন্য এখন মন্টে কার্লোতে আছি! জায়গাটি স্বর্গের মতো, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে এটিই সেরা।’ এটি ছিল ‘মন্টে কার্লো বেবি’ নামে অড্রের প্রথমদিককার একটি ছবি।
কী ছিল সে চিঠিগুলোয়? একটি চিঠিতে অড্রে লিখেছেন, কতোটা বেদনার্ত হয়ে তিনি জেমস হ্যানসনের মতো একজন উজ্জ্বল ব্যক্তিত্বের সঙ্গে করা বাগদান ভেঙে ফেলেছেন।
আরেকটি চিঠিতে দেখা যাচ্ছে তিনি তাঁর হবু স্বামীকে খুঁজে পেয়েছেন। সেই আনন্দেই চিঠিটি লেখা। অভিনেতা মেল ফেরারই সেই ভদ্রলোক, যাকে ১৯৫৪ সালে গোপনে বিয়ে করেছিলেন অড্রে। এ ব্যাপারে অড্রে লিখেছেন, ‘আমরা মিডিয়ার কাছ থেকে আমাদের বিয়ের ব্যাপারটি পুরো গোপন করেছিলাম।’ বিয়ের পর অড্রে ও ফেরার ১৯৫৪ সালে নির্মিত ‘ওয়ার অ্যান্ড পিস’ চলচ্চিত্রে একই সঙ্গে অভিনয় করেন।
পর পর দুবার মিসক্যারেজ হওয়ার পর হেপবার্নের কোলজুড়ে আসে প্রথম সন্তান সিন ফেরার। অড্রে তাঁকে নিয়েই উচ্ছসিতক হয়ে লিখেছেন, ‘সিন একটি সত্যিকারের স্বপ্ন।’
ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত বোনহ্যাম এন্টারটেইনমেন্ট মেমোরাবিলিয়াতে অনুষ্ঠিত হয় এই নিলাম। ধারণা করা হয়েছিল হেপবার্নের চিঠিগুলো ৪ হাজার পাউন্ডের বেশি দামে বিক্রি হবে। কিন্তু ধারনার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হলো সেগুলো। বিবিসি