
বালাই ষাট! দুর্মুখের মুখেই ছাই পড়ুক। নিন্দুকদের কান কথায় কান দিতে নেই। দুজনের বিয়ের রেশ এখনো কাটেনি। নিতান্তই মেহেদির চল ওসব বিয়েতে নেই, তাই লেখা যাচ্ছে না—মেহেদির রংই এখনো শুকায়নি। তবে মধুচন্দ্রিমাটা বকেয়াই পড়ে আছে। এরই মধ্যে কেউ কেউ বলছে, দেখা যাক, কদিন টেকে! আরে একি চায়নিজ মোবাইল নাকি! টিকবে, অবশ্যই টিকবে।
আসলে অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের ভাগ্যটাই ভালো নয়। অতীত অভিজ্ঞতার কারণেই কিনা জোলি নিজেও বিয়ের পিঁড়িতে আবার বসতে চাইছিলেন না। ভেবে দেখুন, প্রেমটার বয়স ১০ বছর পেরিয়েই তবে মিসেস পিট হতে রাজি হয়েছেন। শুধু কি তাই? বাগদানটা সেরেছিলেন দুই বছর আগে। তবু বিয়ের সিদ্ধান্ত নিতে কত সিদ্ধান্তহীনতা! শুধু একটাই শঙ্কার কারণে, বিয়ের পর যদি রোমান্টিকতা উবে যায়! যদি না টেকে বিয়েটা!
তবে জোলি-পিটের গ্লাসের খালি দিকটার দিকে তাকানোর কী দরকার? পূর্ণ অংশটাও তো আছে। হ্যাঁ, এটা সত্যি, হলিউডি দুনিয়ায় বিয়েটা ঠিক টেকসই কিছু নয়। ব্রিটনি স্পিয়ার্সের প্রথম বিয়েটা যেমন টিকেছিল মাত্র কয়েক ঘণ্টা! কিন্তু আলোকিত দিকও তো আছে।
জোয়ান উডওয়ার্ড আর পল নিউম্যানের কথাই ধরুন। এই জুটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নমস্য হয়ে ছিল। দুজনের প্রথম দেখা ১৯৫৩ সালে ব্রডওয়েতে নাটক করতে গিয়ে। না, প্রথম দর্শনে প্রেম হয়নি। প্রেমটা ধীরে জমাট বেঁধেছিল বলেই হয়তো এমন শক্তপোক্ত হয়েছিল সম্পর্কটা। প্রেমের শুরু দ্য লং হট সামার-এর শুটিং করতে দিয়ে। ১৯৫৮ সালের বিয়েটাও হয়েছিল ‘দ্য লং’। ২০০৮ সালে নিউম্যানের মৃত্যুর মধ্য দিয়ে সম্পর্কের অবসান। কিংবা ভুলই বলা হলো। এখনো হয়তো জীবন-নদীর ওপার থেকে উডওয়ার্ডকে ভালোবেসে যাচ্ছেন নিউম্যান।

এই জীবনে কম বিখ্যাত ছবি করেননি টম হ্যাংকস। ফরেস্ট গাম্প, সেভিং প্রাইভেট রায়ান, ডা ভিঞ্চি কোড, টার্মিনাল... । তবে হ্যাংকস ভক্তরা তাঁর যে ছবির কথা বেমালুম ভুলে গেছে, সেই ভলান্টিয়ার্স ছবির কথাই হয়তো তিনি নিজে সবচেয়ে বেশি মনে রাখবেন। এই ছবি করতে গিয়েই রিটা উইলসনের সঙ্গে পরিচয়, প্রণয়। ১৯৮৫ সালে বিয়ে করেন। এখনো দুজনের সুখের সংসার।
ডেনজেল ওয়াশিংটনের প্রেমটা ছিল আরও পুরোনো। ১৯৭৭ সালে ছোট পর্দার জন্য নির্মিত ছবি উইলমা করতে গিয়ে পরিচয় হয়েছিল পলেত্তে পিয়ার্সনের সঙ্গে। দুজনে বিয়ে করেন ১৯৮৩ সালের ২৫ জুন। চার সন্তানও আছে তাঁদের।
শুধু অভিনেতা নয়, পরিচালক হিসেবেও সুখ্যাতি আছে ড্যানি ডিভিটোর। ব্যাটম্যান রিটার্নস, গেট শর্টির মতো ছবিতে অভিনয় করা ডিভিটোর পরিচালক হিসেবে সবচেয়ে স্মরণীয় সিনেমা সম্ভবত দ্য ওয়ার অব দ্য রোজেজ। একটা সম্পর্ক ভেঙে যাওয়া আর ডিভোর্সের ধ্বংসাত্মক চেহারা নিয়ে বানানো ছবি। তবে ব্যক্তিগত জীবনে কিন্তু খুবই সুখী দাম্পত্যের সুখই পেয়েছেন। ১৯৮২ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী রিয়া পার্লম্যানকে।
মাইকেল জে. ফক্স আর ট্রেসি পোলানের প্রেমের গল্পটা আর দশটা হলিউডি প্রেমের মতো। একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়-প্রণয়। তবে অন্য হলিউডি সম্পর্কের মতো দুজনের ভালোবাসা স্বল্পস্থায়ী হয়নি। ১৯৮৮ সালে দুজনে বিয়ে করেন। ১৯৯১ সালে পারকিনসন্স রোগ ধরা পড়ে ফক্সের। সেই লড়াইয়েও স্বামীর পাশে থেকেছেন পোলান।

হালের জুটিদের মধ্যে জাডা পিনকেট স্মিথ আর উইল স্মিথের বিয়ের রসায়নটা সত্যিই মুগ্ধকর। পারসুইট অব হ্যাপিনেস ছবিতে দারিদ্র্যের ভারে ভেঙে যাওয়া এক দম্পতির চরিত্রে অভিনয় করলেও সত্যিকারের জীবনে ভালোবাসার দারিদ্র্য কখনোই তাঁদের স্পর্শ করতে পারেনি। ‘দ্য ফ্রেশ প্রিন্স’ নামের সিটকমের অডিশন দিতে এসে ১৯৯০ সালে দুজনের পরিচয়। সেই সিটকমে জাডা কোনো ভূমিকা পাননি। তবে সত্যিকারের জীবনে পেয়ে গেছেন স্মিথকে।
এমন নয়, এই সফল জুটিগুলোর সাফল্যপ্রদীপে দুঃসময়ের ঝোড়ো বাতাস পড়েনি। সংসার নিস্তরঙ্গ কোনো নদী নয়। জোয়ার-ভাটা আর উথালপাতাল স্রোতের সমুদ্র। আর তাতে যারা সাঁতরাতে পারে, ভাসাতে পারে সাম্পান, তারাই সফল হয়। কেলি প্রিস্টনের সঙ্গে ২৩ বছরের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য জন ট্রাভোল্টাকে যেমন নিয়মিত ম্যারেজ কাউন্সেলিং করাতে হয়েছে। তাতে সুফলও তিনি পেয়েছেন। সুফল থেকেই সফল!
নটে গাছটি মুড়ালো। হলিউডের সুখী দম্পতিদের নিয়ে আমাদের গল্পটিও ফুরাল। অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল....!
রাজীব হাসান
হলিউড লাইফ অবলম্বনে