অতিমানবী হওয়ার জন্য বাড়ল ৭ কেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেসা থম্পসন
টেসা থম্পসন

চরিত্রের জন্য শিল্পীরা তো কত ধরনের পরিশ্রমই করে থাকেন। সেখানে ৭ কেজি ওজন বাড়ানো খুব সামান্যই মনে হতে পারে। তবে অভিনেত্রী টেসা থম্পসনের এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জন্য প্রথম কাজ করছেন তিনি। এটাই হতে যাচ্ছে অতিমানবী ‘ভাল্‌কারি’ হিসেবে টেসার প্রথম ছবি। তাই থর: র‍্যাগনারক ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে ৭ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। নিজেকে লিকলিকে করে আকর্ষণীয় দেহগড়নে পর্দায় উপস্থিত করতে চাননি। চেয়েছেন পর্দায় তাঁকে দর্শক আবিষ্কার করুক ক্ষমতাধর এক মানবীরূপে। তাই ওজন বাড়িয়ে টেসা থেকে হয়ে উঠলেন ‘ভাল্‌কারি’।

ওজন বাড়ানো নিয়ে টেসা বলেন, ‘আমার জন্য খুব একটা সহজ কাজ ছিল না এটা। ওজন বাড়ানো বলতে মাংসপেশির গ্রোথের দিকে খেয়াল রাখতে হয়েছে বিশেষভাবে। আমাকে এমনভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে, যাতে কোনোভাবেই মনে না হয় যে আমি শুধুই ছবির আকর্ষণ বাড়ানোর জন্য থর: র‍্যাগনারক-এ যুক্ত হয়েছি। আমার চরিত্রের গুরুত্ব আমার দেহগড়ন আর সাজপোশাকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।’

থর: র‍্যাগনারক ছবিতে আরও অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ, মার্ক রাফালো, কেট ব্ল্যানচেট ও জেফ গোল্ডবাম। একটি বিশেষ চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচকে ‘ডক্টর স্ট্রেঞ্জ’ হিসেবেও দেখা যেতে পারে। আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাবে থর: র‍্যাগনারক। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসেও মুক্তি পাবে।