অনুতাপহীন 'সুখী' নিকোল কিডম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

হলিউডের তারকা টম ক্রুজকে যখন বিয়ে করেন নিকোল কিডম্যান, সেসময় তিনি সদ্য কৈশোর পেরিয়েছেন। টম ক্রুজের সঙ্গে তাঁর বিয়ে প্রসঙ্গে সম্প্রতি খোলামেলা অনেক মন্তব্যই করেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, অবশ্য এ নিয়ে কোনো অভিযোগ, অনুতাপ কিংবা দুঃখ নেই তাঁর। জীবনটাকে ইতিবাচকভাবেই দেখতে চান এই অস্কারজয়ী অভিনেত্রী। টম ক্রুজের সঙ্গে ছাড়াছাড়ির পর এখন অস্ট্রেলীয় সংগীতশিল্পী কিথ আরবানের সঙ্গে সংসার করছেন নিকোল। তিনি জানিয়েছেন, অনুতাপহীন এই জীবনে তিনি অনেক সুখী।
এ প্রসঙ্গে নিকোল কিডম্যান বলেছেন, ‘যখন আমি টমকে বিয়ে করি সেসময় নেহাত এক শিশুই ছিলাম আমি। অবশ্য এ নিয়ে আমার কোনো রকমের অনুতাপ নেই।’
‘ডেজ অব থান্ডার’ ছবির সেটে টম ক্রুজের সঙ্গে তাঁর প্রথম পরিচয়। সেসময় ঝুলিতে সব হিট ছবি নিয়ে হলিউডের তারকা টম ক্রুজ নিজের নামটিকে রীতিমতো ব্যবসাসফল ছবির ‘ট্রেডমার্ক’ বানিয়ে ফেলেছেন। আর সদ্য কৈশোর পেরিয়ে নিকোল কিডম্যান সেসময় রীতিমতো ছোটপর্দার জনপ্রিয় মুখ, কাঁপিয়ে তুলেছেন রূপালি পর্দাও। ১৯৯০ সালের ডিসেম্বরে তাঁরা গাঁটছড়া বাঁধেন। ইন্টারনেটবিহীন সেই যুগেও তাঁদের বিয়ে বেশ সাড়া ফেলেছিল। ১১ বছরের দাম্পত্য জীবন শেষে ২০০১ সালের অক্টোবরে তাঁদের ছাড়াছাড়ি হয়।
যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য ইভনিং স্ট্যান্ডার্ড’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিডম্যান বলেছেন, ‘জীবনের কোনো এক মোড়ে পুরোনো কিছুকে নতুন করে দেখাটাই ভালো। তবে মানুষের প্রতিটা সম্পর্কই আলাদা।’ তিনি বলেন, ‘টমের সঙ্গে বিয়ের সময় আমি একবারেই অবুঝ শিশুর মতো ছিলাম, তবে এর কোনো কিছু নিয়েই আমার দুঃখ নেই।’
২০১২ সালে কেটি হোমসের সঙ্গে টম ক্রুজের ছাড়াছাড়ির সময়ও কিডম্যান একইরকম কথা বলেছিলেন। সেসময় তিনি বলেছিলেন, ‘আমার কোনো দুঃখ নেই, কারণ এই বিয়ে আমাকে বেলা ও কনরকে (তাঁদের দুই সন্তান) দিয়েছে। তা ছাড়া, দীর্ঘদিনের চমৎকার একটা দাম্পত্য জীবনও পেয়েছি আমি।’
২০০৬ সালের জুনে অস্ট্রেলীয় সংগীতশিল্পী কিথ আরবানের সঙ্গে আবারও বিয়ের পিঁড়িতে বসেন নিকোল কিডম্যান। কিথের সঙ্গে দিনগুলো যে তাঁর ভালোই যাচ্ছে তা তাঁদের কথা ও ছবিতেই বোঝা যায়। সম্প্রতি ‘ফটোগ্রাফ ফিফটি-ওয়ান’ ছবিতে ব্রিটিশ বিজ্ঞানী ‘রোজালিন্ড ফ্রাঙ্কলিন’ চরিত্রে অভিনয়ের জন্য ইভনিং স্ট্যান্ডার্ড থিয়েটার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রী হিসেবে ‘নাতাশা রিচার্ডসন অ্যাওয়ার্ড’ পান তিনি। পুরস্কার নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কিথের উদ্দেশে কিডম্যান বলেছিলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব।’ ফেইথ মার্গারেট এবং সানডে রোজ নামের দুই সন্তান আছে তাঁদের। উইমেনস ডে। ইউএস উইকলি।