অনুশোচনা নেই

টম ক্রুজের সঙ্গে সুখের সংসার? ‘মিশন ইমপসিবল’! ক্রুজকে যখন ‘ইয়েস, আই ডু’ বলবেন বলে ঠিক করেছিলেন কেটি হোমস, তাঁকে সতর্ক করে দিয়েছিল অনেকেই। পরে সেই আশঙ্কাটাই সত্যি হয়েছে। ছয় বছরের মাথায় ভেঙে গেছে ঘর। এত দিন পরে এসে এক সাক্ষাৎকারে হোমস অনেক বিষয় নিয়েই হৃদয়ের জমানো সব কথা বের করে দিলেন। বেশ প্রত্যয় নিয়েই বললেন, কোনো কিছু নিয়েই তাঁর অনুশোচনা নেই। না ক্রুজকে বিয়ে করে, না তাঁর সঙ্গে বিচ্ছেদেও।
হোমস বলেছেন, ‘যা করেছি, তা নিয়ে কোনো অনুশোচনা নেই। আসলে জীবনের সবকিছু থেকেই কিছু না কিছু শিখেছি। জীবনে যা কিছুই ঘটুক না কেন, সেটি আপনাকে জীবনের আরেকটি পর্যায়ে নিয়ে যায়। আমিও তাই এগিয়ে চলেছি।’
ভেঙে পড়েছিলেন অবশ্যই। কিন্তু হতাশার ছাইভস্ম থেকে জেগে উঠেছেন ফিনিক্স পাখির মতো। ক্রুজের সঙ্গে বিচ্ছেদ তাঁকে ক্যারিয়ার নতুন করে গোছানোর তাড়না এনে দিয়েছিল। চলচ্চিত্রের বৃত্ত ভেঙে ব্রডওয়ে, সেখান থেকে আবার ফিরেছেন টিভিতেও।
ক্রুজের সঙ্গে তাঁর বিচ্ছেদের সময় কত রটনা। এমনও শোনা গিয়েছিল, নিজে তো বটেই, কন্যা সুরিকেও বিলাসের স্রোতে নাকি ভাসিয়ে দিচ্ছেন হোমস। এক সুরির কত হাজার গন্ডা জুতো আছে, এমন সচিত্র প্রতিবেদন। কিন্তু হোমস দাবি করলেন, এর সবই মিথ্যা। ধনকুবের বাবার মেয়ে ছিলেন তিনিও। কিন্তু জীবনযাপনে একেবারেই সাদামাটা।
হলিউড লাইফ।