অপমানিত বোধ করছেন পিট

মাত্র দুই সপ্তাহ আগেই আলাদা হয়েছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু এই কয় দিনেই নাকি ব্র্যাডের জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেছে। নিজের সন্তানদের থেকে দূরে থাকতে হচ্ছে তাঁকে। এমনকি সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আদালত যে সাময়িক সিদ্ধান্ত দিয়েছে, সেটাও গিয়েছে জোলির পক্ষে।
সন্তানেরা এখন তাদের মায়ের কাছেই আছে। অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত তাঁর কাছেই থাকবে। পিট শুধু মাঝেমধ্যে সাক্ষাতের সুযোগ পাবেন। তাও আবার সেই সাক্ষাৎ হবে একজন থেরাপিস্টের উপস্থিতিতে। আর এই বিষয়ই পিট একদম মেনে নিতে পারছেন না। এই অভিনেতার কাছের একটি সূত্র জানায়, ব্র্যাড পিট এতে অপমানিত বোধ করছেন। তাঁর কাছে এই পরিস্থিতি অবিশ্বাস্য মনে হচ্ছে।
‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির বিচ্ছেদের ঘোষণা আসার কয়েক দিন পরই ব্র্যাডের বিরুদ্ধে সন্তানদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর মাদক পরীক্ষাও দিতে হয়েছে তাঁকে। আদালতের রায় অনুযায়ী, সন্তানদের সঙ্গে ব্র্যাডের প্রথম সাক্ষাৎ হবে একজন থেরাপিস্টের সামনে। পরবর্তী সময়েও তিনি সন্তানদের সঙ্গে একা সাক্ষাৎ করতে পারবেন কি না, সেটা সেই থেরাপিস্ট ঠিক করে দেবেন।
সব মিলিয়ে পিট বেচারা এখন বেশ বিপর্যস্ত। আইএএনএস।