অবশেষে বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন থেরক্সের সঙ্গে জেনিফার অ্যানিস্টন
জাস্টিন থেরক্সের সঙ্গে জেনিফার অ্যানিস্টন

‘ওয়ান্ডারলাস্ট’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেম। এরপর বাগদান। কিন্তু ২০১২ সালে বাগদানের ঘোষণা আসার পর তিন বছর পেরিয়ে গেলেও, বিয়েটা ঝুলেই ছিল। কয়েক দফা বিয়ের পরিকল্পনা হলেও পিছিয়ে গেছে। অবশেষে বিয়ে করে থিতু হলেন হলিউডের তারকা জুটি জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্স। এই দুই তারকার মুখপাত্রেরা এখন পর্যন্ত মুখ না খুললেও, অ্যানিস্টন ও থেরক্সের বিয়ের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল বৃহস্পতিবার পিপল ম্যাগাজিন, টিএমজি, ইউএস উইকলিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ৫ আগস্ট বুধবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ঘরোয়াভাবেই বিয়ের পর্ব সেরেছেন অ্যানিস্টন ও থেরক্স। বিয়ের অনুষ্ঠানে তাঁদের বন্ধু ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৭০ জন আমন্ত্রিত অতিথি হাজির ছিলেন।
থেরক্সের ৪৪ তম জন্মদিন ১০ আগস্ট। আমন্ত্রিত অতিথিদের চমকে দেওয়ার জন্য বিয়ের খবর গোপন রাখা হয়। তাঁদের বলা হয়, থেরক্সের জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেবল এই জুটির কাছের কয়েকজন বন্ধু বিয়ের ব্যাপারটি জানতেন। অতিথিদের চমকে দেওয়ার পরিকল্পনা ভালোই কাজে দেয়। তাঁরা জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে গিয়ে দেখেন বিয়ের অনুষ্ঠান। এতে ভীষণ অবাক হন তাঁরা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এলেন ডিজেনার্স, চেলসিয়া হ্যান্ডলার, লিসা কুড্রো, হাওয়ার্ড স্টার্ন, এমিলি ব্লান্ট প্রমুখ।
অ্যানিস্টন প্রথম বিয়ে করেন অভিনেতা ব্র্যাড পিটকে। পাঁচ বছর সংসার করেন তাঁরা। ২০০৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অ্যাঞ্জেলিনা জোলিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন পিট। দীর্ঘদিন একসঙ্গে বসবাসের পর গত বছর ঘরোয়াভাবে বিয়ের পর্ব সারেন পিট-জোলি। এক বছরের মাথায় সাবেক স্বামী ব্র্যাড পিটের মতোই ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ৪৬ বছর বয়সী অ্যানিস্টন।
আরও পড়ুন
আবার বিয়ে পেছালেন অ্যানিস্টন-থেরক্স