অবশেষে বিয়ের খবর দিলেন মিলা!

খানিকটা তড়িঘড়ি করে গোপনেই বিয়ের পর্বটি সেরেছিলেন হলিউডের তারকা জুটি অ্যাস্টন কুচার ও মিলা কুনিস। বিয়ের খবর ফাঁস করেছিল তাঁদেরই ঘনিষ্ঠ এক সূত্র। অবশ্য এরপর বিয়ে নিয়ে কুচার কিছু না জানালেও অবশেষে মিলাই এবার মুখ খুললেন বিয়ের ব্যাপারে। টেলিগ্রাফ পত্রিকার লাক্সারি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি মিলা কুনিস নিশ্চিত করে জানিয়েছেন অ্যাস্টন কুচারের সঙ্গে তাঁর বিয়ের খবরটি।
এর আগে সূত্রটির বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছিল, এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ৩৭ বছর বয়সী কুচার ও ৩১ বছর বয়সী মিলা।
‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন মিলা ও কুচার। ২০১২ সালের এপ্রিলে তাঁদের প্রেমের শুরু। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বাগদান সম্পন্ন করেছিলেন। বাগদানের তিন মাস পর খবর নিশ্চিত করেন মিলা।
গত বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন মিলা। কুচার ও মিলা তাঁদের প্রথম সন্তানের নাম রাখেন ওয়েট। এদিকে খবর চাউর হয়েছে, মিলা আবারও অন্তঃসত্ত্বা।
মিলা কুনিসকে বিয়ে করার আগে হলিউডের অভিনেত্রী ডেমি মুরকে বিয়ে করেছিলেন কুচার। কিন্তু চিলির এক তরুণীর সঙ্গে কুচারের প্রেমের খবর ফাঁস হওয়ার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ডেমি মুর। ২০১২ সালে কুচারের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছিল ডেমি মুরের। ২০১৩ সালের নভেম্বরে কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
অন্যদিকে, মিলা কুনিস ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিনের সঙ্গে তাঁর দীর্ঘ নয় বছরের প্রেমের ইতি টানেন ২০১১ সালে। পরের বছরের এপ্রিলে ‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজের সহ-অভিনেতা কুচারের সঙ্গে মিলার প্রেমের খবর চাউর হয়। মিলার মাত্র ১৪ বছর বয়স থেকেই তাঁকে চিনতেন কুচার। ২০১৩ সালের মার্চে তিনি মিলার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন। শুধু তা-ই নয়, মিলার বাবা মার্কের সঙ্গে দেখা করে তাঁর মেয়েকে বিয়ে করার অনুমতিও চান কুচার।