অবাধ্য ব্রিটনি

বাবার কাছে মেয়েরা সব সময় ছোট্টটিই। সব বাবাই তাই চান, কাঁটাভরা এই পৃথিবীর পথে পথে মেয়ের পা যেন রক্তাক্ত না হয়। কিন্তু বাবার সুবোধ কন্যাটি থাকাও তো সবার পক্ষে সম্ভব হয় না। অন্তত একটা বয়সে সব সময় বারণ আর শাসন শুনতে শুনতে হাঁপিয়ে উঠতেই হয়। ব্রিটনি স্পিয়ার্সেরও হয়েছে সেই দশা। আর তাই বাবার অবাধ্য কন্যা হয়ে উঠছেন এই সংগীততারকা।
যে মেয়ের হুট করে বিয়ে করে ফেলার অতীত রেকর্ড আছে, আছে সেই বিয়েটা ৫৫ ঘণ্টার মধ্যে শেষ করে দেওয়ারও—সেই মেয়ের বাবা উদ্বিগ্ন হতেই পারেন। দ্বিতীয় বিয়েটাও টেকেনি। সব কিছু পেছনে ফেলতে ব্রিটনি রীতিমতো মাথা ন্যাড়াই করে ফেলেছিলেন। জীবনটাকে আরও একবার নতুন করে গোছাতে থাকা ‘বেবি ওয়ান মোর টাইম’ তারকা এবার প্রেম করছেন ডেভিড লুকাডোর সঙ্গে। এ নিয়েও বাবার খবরদারি সহ্য হচ্ছে না তাঁর।
বাবার শাসন থেকে মুক্তি পেতে দ্রুতই লুকাডোকে বিয়ে করে ফেলতে চান ব্রিটনি। এএনআই।