অভিনন্দন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অ্যাভাটার’ ছবির পরিচালক জেমস ক্যামেরন অভিনন্দন জানিয়েছেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির পরিচালক অ্যান্টনি রুশো আর জো রুশোকে
‘অ্যাভাটার’ ছবির পরিচালক জেমস ক্যামেরন অভিনন্দন জানিয়েছেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির পরিচালক অ্যান্টনি রুশো আর জো রুশোকে

পরাজয়কে পরাজিত করে শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মাত্র তিন দিন আগেও এই গৌরব ছিল জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’ ছবির। দীর্ঘ এক দশক বিশ্ব চলচ্চিত্রের বক্স অফিসের রাজা ছিল এই ছবি। কিন্তু রাজার সেই মুকুটের মালিক এখন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। কেমন লাগছে জেমস ক্যামেরনের?

২০০৯ সালের ১০ ডিসেম্বর মুক্তি পেয়ে ‘অ্যাভাটার’ ছবি বিশ্বজুড়ে আয় করেছে ২৩ হাজার ৯০৮ কোটি টাকা। আর এ বছর ২৬ এপ্রিল মুক্তির ১৩ সপ্তাহ পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সেই রেকর্ড ভেঙেছে। অবশ্য এমনটা যে হবে, তা আগেই বুঝেছিলেন ‘অ্যাভাটার’ ছবির দূরদর্শী পরিচালক জেমস ক্যামেরন। তাই দেরি না করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির পরিচালক অ্যান্টনি রুশো আর জো রুশোকে অভিনন্দন জানান তিনি। সেই অভিনন্দন দেরিতে হলেও ঘটেছে। দ্বিতীয়বার মুক্তির পর প্রথম অবস্থানে পৌঁছেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ছবি এখন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। এ ঘটনা ঘটার আগেই জেমস ক্যামেরন অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। কিন্তু সত্যি সত্যিই যখন ঘটনা ঘটে যায়, তখন তিন দিন পর্যন্ত তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চুপ ছিলেন তিনি। এবার পরোক্ষভাবে হলেও প্রতিক্রিয়া এসেছে। ৬৪ বছর বয়সী এই পরিচালকের ছবি ‘অ্যাভাটার’ ছবির অফিশিয়াল পেজ থেকে রবার্ট ডাউনি জুনিয়রের একটা ছবি পোস্ট করা হয়। ছবিতে হলিউডের এ সময়ের শক্তিশালী এ অভিনেতাকে দেখা যায় আয়রন ম্যানের রূপে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘“অ্যাভেঞ্জার্স: এন্ডগেম”, বক্স অফিসের নতুন রাজা। অভিনন্দন।’

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির পরিচালক দুই ভাই অ্যান্টনি রুশো আর জো রুশো এ অভিবাদনের জবাব দিয়েছেন অত্যন্ত বিনয়ের সঙ্গে। লিখেছেন, জেমস ক্যামেরন পরিচালিত ‘টার্মিনেটর’ সিরিজ, ‘টাইটানিক’ (১৯৯৭), ‘অ্যাভাটার’ ছবিগুলো তাঁদের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ বানাতে অনুপ্রাণিত করেছে।

এই দুই পরিচালক আরও লিখেছেন, ‘আপনার কারণেই আমরা চলচ্চিত্রকে ভালোবেসেছি। আমাদের এই অসীম অনুপ্রেরণার উৎস হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বিশ্বের দর্শকের চোখ খুলে দেখিয়েছেন, হ্যাঁ, সম্ভব। পরবর্তী সিনেমায় আপনি আমাদের কোথায় নিয়ে যান, তা দেখার জন্য তর সইছে না।’

এর আগে জেমস ক্যামেরন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘অ্যাভেঞ্জার্স’ ছবির লোগো আর ‘টাইটানিক’ ছবির পোস্টার কোলাজ করে পোস্ট করেছেন। তখন ‘টাইটানিক’ ছবির বক্স অফিসের আয়কে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছাড়িয়ে যায়। তখন ক্যাপশনে লিখেছিলেন, ‘আইসবার্গের আঘাতে ডুবেছিল সত্যিকারের টাইটানিক। আর এবার “অ্যাভেঞ্জার্স: এন্ডগেম” ডুবিয়েছে আমার “টাইটানিক”কে।’