অভিনব কায়দায় সংবাদ সম্মেলনে অংশ নিলেন গদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যঁ লুক গদারের ছবি এবার কানের প্রতিযোগিতা বিভাগে। সুইজারল্যান্ড থেকে তিনি যোগ দিলেন সংবাদ সম্মেলনে। পেছনে তাঁরই ছবির দৃশ্য নিয়ে উৎসবের পোস্টার।  ছবি: এএফপি
জ্যঁ লুক গদারের ছবি এবার কানের প্রতিযোগিতা বিভাগে। সুইজারল্যান্ড থেকে তিনি যোগ দিলেন সংবাদ সম্মেলনে। পেছনে তাঁরই ছবির দৃশ্য নিয়ে উৎসবের পোস্টার। ছবি: এএফপি

কথায় আছে, পুরান চাল ভাতে বাড়ে। সেটাই আবার বুঝিয়ে দিলেন ৮৭ বছর বয়সী জ্যঁ লুক গদার। বুড়োদের নিয়ে তরুণেরা প্রায়ই উপহাস করে। ভাবে, তাঁরা বড্ড সেকেলে। কিন্তু এই বুড়োরা এখনো হাঁটুর বয়সীদের সঙ্গে পাল্লা দিয়ে অনেক দিক থেকেই তাদের পেছনে ফেলছেন-তার সাক্ষী হওয়া গেল গতকাল শনিবার সকালে। ফরাসি নির্মাতা গদার তাঁর নতুন ছবি ‘দ্য ইমেজ বুক’-এর সংবাদ সম্মেলনে নতুন এক ইতিহাস গড়লেন। কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে পুরোনো মন-কষাকষির জের ধরে সশরীর তিনি হাজির হননি এ আয়োজনে। তবে প্রযুক্তির বদৌলতে ফেসটাইমের মাধ্যমে এই নির্মাতা ঠিকই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করেন।

গতকাল কানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয় দ্য ইমেজ বুক ছবির সংবাদ সম্মেলন। তাতে অংশ নেন ছবির সম্পাদনাকারী ও প্রযোজকেরা। ছবির প্রযোজক ফেব্রিসে আরাগ্নো সংবাদ সম্মেলনকক্ষে ঢুকেই নিজের আইফোন থেকে ফেসটাইমে সংযুক্ত হন গদারের সঙ্গে। গদার তখন কান থেকে ৬০০ কিলোমিটার দূরে সুইজারল্যান্ডের রলে শহরে। ফেসটাইমে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় সংবাদ সম্মেলন। কান চলচ্চিত্র উৎসবের গত ৭০ বছরের ইতিহাসে এর আগে এমন অভিনব কায়দায় আর কেউ অংশ নেননি সংবাদ সম্মেলনে। ফেসটাইমে যুক্ত হতেই উপস্থিত সাংবাদিকেরা এগিয়ে এসে ফোনের ছোট্ট স্ক্রিনে থাকা গদারকে দেখার চেষ্টা করেন, কেউ কেউ নতুন এই ইতিহাসকে ক্যামেরাবন্দী করতে শুরু করেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।

গদারের ‘দ্য ইমেজ বুক’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় গত শুক্রবার রাতে। স্বাভাবিকভাবেই সেখানেও উপস্থিত ছিলেন না ফরাসি সিনেমার বিপ্লবের এই কান্ডারি। ১৯৬৮ সালের বৈপ্লবিক আন্দোলনের পর থেকে গদার এই উৎসব বর্জন করছেন। এর আগেও ২০১০ সালে এই নির্মাতার ছবি সোশালিজম স্থান পায় উৎসবের আঁ সারতেঁ রিগার বিভাগে এবং ২০১৪ সালে তাঁর ছবি গুডবাই টু ল্যাঙ্গুয়েজ প্রতিযোগিতা বিভাগে লড়াই করে জেতে জুরি পুরস্কার। কোনোবারই এই নির্মাতা উৎসবে অংশ নেননি।

সংবাদ সম্মেলনে বিশেষ প্রযুক্তির মাধ্যমে উৎসবে হাজির হওয়া প্রসঙ্গে কিংবদন্তি এই নির্মাতা বললেন, ‘অনুভূতি খুবই সুখকর। শুরুর সময় এই আসরে আমার ছবি হয়তো মোটে হাজারখানেক মানুষ দেখত। কিন্তু ৫০ বছর পর কিংবা সামনে ১০০ বছর পরও যে আমার ছবি এত মানুষ দেখবে, এটা বেশ অভাবনীয়।’

জ্যঁ লুক গদার তাঁর এবারের ছবি দ্য ইমেজ বুক-এ তুলে ধরেছেন আরব বিশ্বের বিক্ষিপ্ত অস্থির চিত্র। তাঁর এই ছবি কিছু পুরোনো সিনেমার দৃশ্য ও সমসাময়িক আরব বিশ্বের অস্থিতিশীল চিত্র নিয়ে তৈরি। গত শুক্রবার ছবির প্রদর্শনীতে অনেকেই ছবির বার্তাকে সহজে ধরতে পারেননি। ছবিটিকে বলা হচ্ছে একটি চলচ্চিত্রিক প্রবন্ধ।

৪৫ মিনিটের সংবাদ সম্মেলনে গদার কথা বলেন অতীত-বর্তমান, রাজনীতি, সিনেমা, বহির্বিশ্বসহ নানা বিষয়ে। তাঁর দিকে ছুড়ে দেওয়া হয় নানা প্রশ্ন। সবকিছুর জবাবই খোলামেলা ভঙ্গিতে দেন গদার। ছবির বিষয়বস্তু ধরে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, আরব বিশ্ব নিয়ে বিশ্বনেতাদের উদ্দেশে কী বলবেন তিনি? গদার বলেন, ‘আরব বিশ্বকে তাদের মতো থাকতে দাও।’

কান উৎসবের প্রতিযোগিতায় গদারের ছবি থাকলেও উৎসবপ্রধানকে টিপ্পনী কেটে তিনি বলেন, ‘থিয়েরি ফ্রেমো তাঁর পুরো কর্মজীবনেও এত সিনেমা দেখেননি, যতটা ছবি আমি গত চার বছরে দেখেছি।’