অভিনেত্রী থেকে নেত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কারলেট জোহানসন
স্কারলেট জোহানসন

নতুন ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী স্কারলেট জোহানসন। নেত্রী হওয়ার শখ তাঁর। ভবিষ্যৎ পরিকল্পনার তালিকায় মোটাদাগে লিখে রেখেছেন ‘রাজনীতি’ শব্দটি। সম্প্রতি একটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটিই জানিয়েছেন ‘ব্ল্যাক উইডো’খ্যাত এ অভিনেত্রী। 

এমন আকর্ষণীয় নারীকে রাজনীতির মাঠে পাওয়ার কথা ভেবে যারা উদ্বেলিত হচ্ছেন, তাঁদের জন্য ছোট্ট একটি দুঃসংবাদ আছে। এখনই মাঠে নামছেন না অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনি মনে করেন, সেই সময় আসতে এখনো অনেক বাকি। একমাত্র শিশুকন্যা রোজ বড় হলে তবেই তিনি মন-প্রাণ সঁপে দেবেন রাজনীতিতে। রোজ এখন মাত্র দুই বছরের। তাকে লালন-পালন করা নিয়ে স্কারলেট বলেন, ‘এখন আমি নিজের ছোট্ট পৃথিবী সামলাতে ব্যস্ত। রোজকে সময় দেওয়ার পাশাপাশি নিয়মিত কাজগুলো চালিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে। এসবের পর নতুন কোনো দায়িত্বের কথা ভাবতেই পারি না।’
স্কারলেট মনে করেন, রাজনীতি দারুণ কঠিন ও জটিল একটি ক্ষেত্র। তিনি বলেন, ‘কয়েকবার হোয়াইট হাউসের পার্টিতে গিয়ে বিশ্বরাজনীতির প্যাঁচ কিছুটা আঁচ করতে পেরেছি। সেখানকার ছোট ছোট ঘরে কত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়! নিজেকে ভাগ্যবান মনে করব, যদি কোনো দিন সরাসরি সেই প্রক্রিয়ায় যুক্ত হতে পারি।’ এস শোবিজ।