অভিবাসী শিশুদের পাশে বেনেডিক্ট

আয়লানের মতো আর কোনো শিশুর নিথর দেহ সাগরপাড়ে পড়ে থাকতে দেখতে চায় না কেউই। ‘শার্লক’খ্যাত অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ এর সমাধান হয়তো দিতে পারেননি, তবে কীভাবে অভিবাসী শিশুদের সাহায্য করা যায় সে পথ দেখিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন বেনেডিক্ট।
সেভ দ্য চিলড্রেনের হয়ে সম্প্রতি ‘হেল্প ইজ কামিং’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন বেনেডিক্ট। সেখানে আফ্রিকান বংশোদ্ভূত ব্রিটিশ কবি ওয়ারসান শিরের ‘হোম’ কবিতার কয়েকটি লাইন পড়ে শোনান। অভিবাসীদের জন্য সাহায্যের আবেদন জানিয়ে নির্মিত একটি ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন তিনি।
অভিবাসী শিশুদের সাহায্যে অর্থ সংগ্রহের জন্য সম্প্রতি একটি ভিডিওচিত্র তৈরি করেছে ‘সেভ দ্য চিলড্রেন’। এতে আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে ক্রাউডেড হাউজ ব্যান্ডের ২০ বছর পুরোনো ‘হেল্প ইজ কামিং’ শিরোনামের একটি গানকে। শুধু তাই নয় ক্যাম্পেইনের নাম হিসেবেও এ গানের এই শিরোনামটিই ব্যবহার করা হয়েছে।
সেভ দ্য চিলড্রেনের জন্য এ ভিডিওটি তৈরি ও সমন্বয় করেছেন ব্রিটিশ সাংবাদিক দম্পতি কেটেলিন ও পিট।
৫ মিনিট ১৫ সেকেন্ড ব্যাপ্তির এ ভিডিওটি ক্রাউডেড হাউজের গান ও অভিবাসী সংকটের বাস্তবতাকে নিয়ে তৈরি। তবে এর শুরুটা হয় টিভি সিরিজ ‘শার্লক’ খ্যাত অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচের কথা দিয়ে। কবিতা ও কবির পরিচিতি দিয়ে ‘হোম’ কবিতাটির কয়েকটি লাইন পাঠ করেন কাম্বারব্যাচ। লাইনগুলো ছিল— (‘নো ওয়ান লিভ্স হোম আনলেস/হোম ইজ দ্য মাউথ অব এ শার্ক ... ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড,/দ্যাট নো ওয়ান পুটস দেয়ার চিলড্রেন ইন এ বোট/ আনলেস দ্য ওয়াটার ইজ সেফার দ্যান দ্য ল্যান্ড...’) যতক্ষণ না হাঙরের খোলা মুখের হা হয়ে ওঠে ঘর/ ঘর ছাড়ে না কেউই/ তোমাদের বুঝতে হবে/ সন্তানকে কেউ নৌকোয় ভাসিয়ে দিতে চায় না/ যতক্ষণ না ঘরের চেয়ে জলই হয়ে ওঠে নিরাপদ ...।’
ভিডিওটির শেষেও দেখা যায় কাম্বারব্যাচকে। কীভাবে অভিবাসী শিশুদের সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে সাহায্য করা যাবে তা জানিয়ে এই উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তিনি। বিবিসি।