অভিযোগকারীরা মনোযোগের কাঙাল: ফ্র্যাঙ্কো

স্পাইডারম্যান ছবির খলনায়ক জেমস ফ্র্যাঙ্কোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তাঁর অভিনয় স্কুলের দুই শিক্ষার্থী। পাল্টা প্রতিবাদে অভিযোগকারী দুই নারীকে মিথ্যাবাদী ও মনোযোগ–কাঙাল বলে অভিহিত করেছেন তরুণ এই হলিউড তারকা। এ প্রসঙ্গে আদালতে লিখিত বিবৃতি দিয়েছেন তিনি।
২০১৪ সালে অভিনয়ের স্কুল ‘প্লেহাউস ওয়েস্ট স্টুডিও ফোর’ চালু করেন জেমস ফ্র্যাঙ্কো। ২০১৭ সালে স্কুলটি বন্ধ হয়ে যায়। স্কুলটি থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দেওয়া হতো। লস অ্যাঞ্জেলেস টাইম–এ প্রকাশিত এক নিবন্ধে স্কুলটির সাবেক শিক্ষার্থী সারাহ তিথার–কাপলান দাবি করেন, ২০১৮ সালের জানুয়ারি মাসে মোট চারজন নারীর সঙ্গে হয়রানিমূলক আচরণ করেন জেমস ও তাঁর সহকর্মীরা। তিনি দাবি করেন, ২০১৫ সালে দ্য লং হোম ছবিতে একটি চুম্বন দৃশ্যের শুটিংয়ের সময় জেমস নিরাপত্তা পর্দাটি সরিয়ে নেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘একসময় খেয়াল করলাম, অল্প পরিচিত এবং তারকা নন—এ রকম নারী অভিনয়শিল্পীদের তাঁরা যৌন হয়রানি করেন। তাঁদের কোনো কাজেরই প্রতিবাদ করা যেত না। এটি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার।’
অভিযোগে বলা হয়েছে, শিক্ষক হিসেবে জেমস ও তাঁর সহকর্মীরা নারীদের সঙ্গে প্রায়ই নানা রকম হয়রানিমূলক আচরণ করতেন। অন্যদিকে প্রতিবাদ করে জেমসের আইনজীবীরা জানিয়েছেন, খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হবে—এ রকম চুক্তিই ছিল তাঁদের সঙ্গে। এ ছাড়া তাঁরা ওই দৃশ্যগুলোর শুটিংয়ে অস্বস্তি বোধ করছেন কি না, সেটাও পর্যবেক্ষণ করা হতো। জেমসের পক্ষে তাঁর অ্যাটর্নি মিশেল প্লোনস্কার এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সূত্র: পিপল