অর্থকষ্টে জনি ডেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ
জনি ডেপ

২০ লাখ মার্কিন ডলার যদি কারও এক মাসের খরচ হয়, তাহলে নিশ্চয়ই তাঁর আয়ের উৎসটাও বেশ বড়সড় হওয়ার কথা। হ্যাঁ, হলিউড তারকা জনি ডেপের আয়ের উৎস কিন্তু কম ‘বড়’ নয়। তাই বলে কি মাসে ২০ লাখ ডলার খরচ করতে হবে? এই খরুচে স্বভাবের কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করে বসলেন তাঁর সাবেক ব্যবসায়িক ব্যবস্থাপকেরা।
কিছুদিন আগেই জনি তাঁর সাবেক ব্যবস্থাপকদের ছাঁটাই করে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। জনির অভিযোগ, তাঁর কাছ থেকে ছলচাতুরী করে আড়াই কোটি ডলার হাতিয়ে নিয়েছেন তাঁরা। যে কারণে জনি ডেপ এখন আর্থিক সমস্যায় আছেন। এবার জনির বিরুদ্ধে তাঁর সাবেক ব্যবস্থাপক জ্যোল ও রবার্ট ম্যান্ডেল মামলা করে বলেন, জনি নিজেই যত সব অতিরিক্ত খরচ করতেন। তাঁর বিলাসবহুল জীবনযাপনের ব্যয় সামলাতেই এমন খরচ করতেন তিনি। ব্যবস্থাপকেরা বলেন, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছেন নিজেদের দায়িত্ব পালনের। তাঁরা জনিকে একাধিকবার সাবধানও করেছিলেন। কিন্তু এই অভিনেতা পাত্তা দেননি।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র আদালতে মঙ্গলবার জনি ডেপের বিরুদ্ধে মামলাটি করা হয়। অ্যাটর্নি মাইকেল কাম্প মামলার নথিতে লিখেছেন, ‘ডেপ তাঁর আজকের এই আর্থিক সমস্যার জন্য দায়ী।’ জনির উকিল ম্যাথিউ ক্যানি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। বিজনেস স্ট্যান্ডার্ড