অর্ধাঙ্গিনী চাইছেন অর্ধেক সম্পদ!

দীর্ঘ ১১ বছর ঘরসংসার করার পর ২০১৩ সাল থেকে আলাদাভাবে বসবাস করছেন হলিউডের তারকা দম্পতি রিচার্ড গিয়ার ও ক্যারি লয়েল। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আর বিচ্ছেদ নিষ্পত্তি করতে ‘প্রিটি ওম্যান’ তারকা রিচার্ড গিয়ারের কাছে তাঁর মোট সম্পদের অর্ধেক দাবি করছেন মডেল ও অভিনেত্রী ক্যারি লয়েল। অর্থের অঙ্কটা নেহাতই কম নয়, ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউইয়র্কপোস্ট ডটকম জানিয়েছে, রিচার্ড গিয়ার ও সন্তান হোমারের জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন লয়েল। এ জন্য গিয়ারের সম্পত্তির অর্ধেক তিনি দাবি করতেই পারেন। ২০১৩ সালে গিয়ার ৮২ মিলিয়ন ডলার আয় করেছেন। তাঁর ধন-সম্পত্তির আর্থিক মূল্যমান ২৫০ মিলিয়ন ডলার। এই হিসাবে গিয়ারের সঙ্গে বিচ্ছেদ নিষ্পত্তি করতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি চাইতে পারেন লয়েল।
এ প্রসঙ্গে লয়েলের আইনজীবী রবার্ট কোহেন জানিয়েছেন, বিচ্ছেদ নিষ্পত্তির বিনিময়ে লয়েল কী পরিমাণ অর্থ নেবেন তা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। এখন পর্যন্ত রিচার্ডের কাছে কোনো দাবি-দাওয়া পেশ করেননি তিনি। তবে বিচ্ছেদ নিষ্পত্তির বিনিময়ে অবশ্যই ন্যায্য পাওনা আদায় করতে চান লয়েল।