অল্প লেখাপড়া নিয়ে শঙ্কা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেকানিক: রেজারেকশন ছবিতে জেসন স্টেথাম ও জেসিকা অ্যালবা
‘মেকানিক: রেজারেকশন ছবিতে জেসন স্টেথাম ও জেসিকা অ্যালবা

অল্প লেখাপড়া নিয়ে চিন্তিত ছিলেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা। ভেবেছিলেন, বিশ্ববিদ্যালয়ে না পড়ায় জীবনটা বুঝি শেষ হয়ে গেল তাঁর। অথচ ক্যারিয়ার গড়তে খুব একটা সমস্যা হয়নি তাঁর।

উচ্চশিক্ষার সুযোগ না পেলেও কোটি টাকার সম্পদ গড়েছেন জেসিকা। গড়েছেন ‘অনেস্ট কোম্পানি’-এর মতো প্রতিষ্ঠান। ফিমেল ফার্স্টকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎ​কারে তিনি বলেছেন, ‘কলেজে যেতে পারিনি বলে ভেবেছিলাম, বেশি দূর এগোতে পারব না। ডিগ্রি না থাকায় মনে হতো আমি মেধাবী নই, লোকে আমাকে সম্মান করবে না। এখন বুঝি, অনেক কিছু করার সক্ষমতা আছে আমার।’

৩০টির বেশি হলিউড ছবিতে কাজ করা এ অভিনেত্রী ভাবতেও পারেননি, এসব কথা কোনো দিন তিনি বলতে পারবেন হলিউডে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যত দূর মনে পড়ে, নিরাপত্তার ওপর একটা ডিগ্রি নিয়েছিলাম। খুঁজছিলাম আরও জুতসই কিছু। কিন্তু তখনই অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম। সে অবস্থায় নিজের কোম্পানিটি নিয়ে ভাবতে শুরু করি।’

বয়স যখন অনেক কম ছিল, গুছিয়ে কথাও বলতে পারতেন না জেসিকা। চরিত্র বা সেটার পোশাক ভালো লাগছে না, সেটা বোঝাতে প্রায়ই ঝামেলায় পড়তে হতো তাঁকে। রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় বেশ ঢিলেঢালা জামা পরতে হতো তাঁকে। কিন্তু ছবি চালাতে গেলে সেসব তো চলে না। পরতে হবে হালফ্যাশনের সঙ্গে মানানসই পোশাক। অনেক পরে তিনি সেসব আয়ত্ত করতে পেরেছেন। আসছে শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘মেকানিক : রেজারেকশন’। গার্ডিয়ান ও ইন্ডিয়ান এক্সপ্রেস