অল্পের জন্য রক্ষা পেলেন মর্গান ফ্রিম্যান

মিসিসিপি থেকে গন্তব্য ছিল টেক্সাস। বিমানের আরোহী হলিউডের কিংবদন্তি অভিনেতা মর্গান ফ্রিম্যান। সঙ্গে তাঁর ব্যক্তিগত বিমানটির চালক। মাঝপথে হঠাৎই বিগড়ে বসে বিমানটি। অবশ্য, শেষপর্যন্ত ঝুঁকি পেরিয়ে নিরাপদেই অবতরণ করেছে মর্গান ফ্রিম্যানের ব্যক্তিগত বিমানটি।
মিসিসিপি থেকে ওড়া সময় ৭৮ বছরের এই কিংবদন্তি অভিনেতার ব্যক্তিগত বিমানটির টায়ার ফেটে যায়। এ অবস্থায় মাঝ আকাশে ওঠার পর মর্গানের বিমানটিতে আরও বেশ কিছু যান্ত্রিক গোলযোগও দেখা দেয়। কিন্তু শেষপর্যন্ত চালকের দক্ষতায় নিরাপদেই মাটিতে নামতে সক্ষম হন তাঁরা।
এ ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হলিউডের এই ডাকসাইটে অভিনেতা। সেখানে ঘটনার বিবরণ দিতে গিয়ে হাসতে হাসতে মর্গান বলেন, ‘এটা বলছি না যে, ভয় পাইনি। তবে ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত ছিলাম, এভাবে আমি মরব না। বিমানচালককে অসংখ্য ধন্যবাদ।’
মর্গান ফ্রিম্যান বলেন, ‘আমি আমার বিমানে চেপে ‘দ্য স্টোরি অব গড’ ছবির শুটিংয়ের জন্য যাচ্ছিলাম টেক্সাস। টেক অফের সময় হঠাৎই বিমানটির চাকার টায়ার ফেটে যায়। এরপর আরও কিছু ঝামেলা শুরু হয়। যদিও দক্ষ বিমান চালক জিমি হবসনের নৈপুণ্যে আমরা নিরাপদে অবতরণ করতে পেরেছি। আমাদের শরীরে ফুলের টোকাও লাগেনি। ফ্রিম্যান রসিকতা করে বলেন, যদিও আমার বিমানটি সম্পর্কে এই একই কথা আমি বলতে পারছি না।
মর্গান ফ্রিম্যান এর নতুন অ্যাকশনধর্মী ছবি ‘ডাউন টু আ সানলেস সি’ মুক্তি পাবে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি। মর্গান এ ছবিটির প্রযোজনাতেও আছেন। ব্রুস কোহেনের সঙ্গে মর্গান ফ্রিম্যানের প্রতিষ্ঠান ছবিটির যৌথ প্রযোজক।
এ ছাড়া, নতুন ‘বেন হার’ ছবিটিতেও অভিনয় করছেন হলিউডের এই কিংবদন্তি অভিনেতা। এনডিটিভি। মিরর।