অসুখী আর খ্যাপাটে এক রানির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার ট্রফি হাতে অলিভিয়া কোলম্যান
অস্কার ট্রফি হাতে অলিভিয়া কোলম্যান

খ্যাতিকে ভয় পেতেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। লোকে তাঁকে চেনে, কিন্তু তিনি কাউকে চেনেন না। এ রকম একদল মানুষের সঙ্গে মিলেমিশে থাকা নাকি তাঁর জন্য কঠিন। এটাও শেখার ব্যাপার। কেউ তাঁকে শেখায়নি সেটা। কিন্তু খ্যাতি তাঁর পিছু ছাড়েনি। ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তিনি সেরা অভিনেত্রীর ট্রফি তুলে নিলেন হাতে।

ছোটবেলা থেকেই অভিনয়ের গোপন বাসনা ছিল অলিভিয়ার। কেমব্রিজের নাটকের দল ফুটলাইটে অডিশন দিয়ে টিকে গিয়েছিলেন। ১৯৯৯ সালে স্নাতক শেষ করার পর কত জায়গায় যে অডিশন দিয়েছিলেন, ঠিক নেই। এক বছর কোনো চাকরিই জুটল না কপালে। তাঁর মা ধরেই নিয়েছিলেন, আরও এক বছরেও মেয়ের কিছু হবে না। কোলম্যান মাকে বলেছিলেন, ‘প্রয়োজন হলে আরও ১০ বছর ধরে কেবল অডিশন দেব।’

গত বছর নভেম্বরে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আর কিছু জানতাম না। ফলে অন্য কিছু করার চেষ্টাও করিনি। খণ্ডকালীন একটা কাজ পেয়েছিলাম। কোনোরকম সেটাই করে যাচ্ছিলাম। অবশ্য সবাই বলছিল ছেড়ে দিতে।’ তারপর?

‘দ্য ফেভারিট’ ছবির জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান অলিভিয়া কোলম্যান
‘দ্য ফেভারিট’ ছবির জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান অলিভিয়া কোলম্যান

২০০৩ সালে কপাল খুলল অলিভিয়ার। নিজের নাটকের দল ফুটলাইটের দুই শিল্পী প্রস্তাব দিলেন কমেডি সিরিজ ‘পিপ শো’র কেন্দ্রীয় চরিত্রে কাজ করার। কথা হয় শুরুতে ৯ পর্ব হবে। সুযোগ পেয়ে সেখানেই নিজের মেধার পরিচয় রাখলেন কোলম্যান। এরপর থেকেই বড় বড় সব চরিত্রে কাজ করতে শুরু করলেন তিনি। বিশেষ করে কমেডি শো।

জীবনের প্রথম চলচ্চিত্র ‘টাইরেনেসর’ তাঁর জীবন বদলে দিয়েছিল। ধর্মপরায়ণ নির্যাতিত এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেন তিনি। সেই ছবির পর থেকে একই রকম সব চরিত্রের জন্য ডাক পান অলিভিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই ভেবেছিল, আমি বুঝি এই রকম চরিত্রের জন্যই যথাযথ।’

কেমন মানুষ অলিভিয়া? বন্ধু ও সহকর্মীরা তাঁকে কেমন চোখে দেখেন? নায়িকাসুলভ কোনো গাম্ভীর্য বা নিজের চারপাশে দেয়াল তুলে রাখার মতো মানুষ নন অলিভিয়া। শুটিং সেটের প্রতিটি কর্মী যেন তাঁর বন্ধু। মুখে সব সময় একটা মিষ্টি হাসি ঝুলিয়ে রাখেন। কিছু হলেও ‘সরি’ বলেন, না হলেও। এত মেধাবী একজন মানুষ যদি বিনয়ে এমন ঝুঁকে থাকেন, কেমন লাগে দেখতে!

‘দ্য ফেভারিট’ ছবির জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান অলিভিয়া কোলম্যান
‘দ্য ফেভারিট’ ছবির জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান অলিভিয়া কোলম্যান

তাঁর সহকর্মীরা তাঁকে ব্যাখ্যা করতে গিয়ে ব্যবহার করেন কয়েকটি শব্দ। যেমন অলিভিয়া দয়ালু, অলিভিয়া বন্ধুবৎসল। সে সবকিছুতে সহজে সায় দেয়, খুব শালীন আচরণ। ধরা যাক অলিভিয়ার ‘দ্য ফেভারিট’ ছবির সহকর্মী অভিনেত্রী এমা স্টোনের কথা। মূল্যায়ন করতে বললে তিনি বলেন, ‘বলতে পারেন, আমি রীতিমতো তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম।’ র‍্যাচেল ভাইস মনে করেন, ‘অলিভিয়া আনন্দে থাকতে পছন্দ করে। তাঁর রসবোধ দারুণ।’

অলিভিয়া সম্পর্কে ব্যবহার করা বিশেষণগুলো কিন্তু পর্দায় টের পাওয়া যায় না। ‘টাইরেনেসর’ ছবিতে ধর্মপরায়ণ নির্যাতিত গৃহবধূ, ‘ফ্লেব্যাগ’ ছবিতে ভয়াবহ সৎমা, ‘রান’ ছবিতে শহুরে মা, ‘ব্রডচার্চ’-এ কখনো কান্নায় ভরা কখনো বিরক্তিকর গ্ল্যামারহীন এক পুলিশ কর্মকর্তা। অন্যদিকে অস্কারজয়ী ‘দ্য ফেবারিট’ ছবিতে তাঁর চরিত্রের মধ্যে কী নেই! ‘ডক্টর হু’ ছবির অভিনয়শিল্পী জোডি হুইটেকার অলিভিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘অলিভিয়া এমন এক শিল্পী যে একই সময়ে মানুষকে কাঁদাতে ও হাসাতে পারে। যেকোনো কিছুর ভেতরে সে আনন্দ বা বেদনা মিশিয়ে দিতে পারে।’

‘দ্য ফেভারিট’ ছবির দৃশ্য
‘দ্য ফেভারিট’ ছবির দৃশ্য

‘দ্য ফেভারিট’ ছবিতে অ্যানি চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া। অ্যানি ১৭০২-১৪ সাল পর্যন্ত গ্রেট ব্রিটেনের রানি ছিলেন। ওই সময় স্কটল্যান্ড ও ইংল্যান্ড মিলে ছিল গ্রেট ব্রিটেন। নানা কারণে অ্যানির সতেরোটি বাচ্চা নষ্ট হয়। অসুখী, খ্যাপাটে এক নারী যখন রানি, কেমন ছিল তাঁর জীবন? সেটা জানতে গেলে অবশ্যই দেখতে হবে ছবিটি।

পরিচালক ইয়োগস ল্যানথিমাস জানান, ছবিতে অ্যানির চরিত্রটা খুব কঠিন আর জটিল ছিল। তিনি বলেন, ‘তাঁকে ছাড়া আমি এ চরিত্রটি কাউকে দিয়ে করাতেই পারতাম না। এটা করতে নানা গুণে গুণান্বিত একজন অভিনেতার দরকার ছিল। পর্দায় একেক সময় তাঁকে একেক রকমভাবে নিজেকে পরিবর্তন করতে হবে এবং সেটা আকস্মিকভাবে। এটা সে পেরেছিল।’

অলিভিয়া অবশ্য পরিচালকের মতো অত দুশ্চিন্তা করেননি। এমনকি মহড়া জিনিসটাও অপছন্দ করতেন তিনি। যেনতেন চিত্রনাট্য এনে মুখের সামনে ধরলেও স্বভাবগুণে বলতেন, ‘বাহ্‌।’ গত নভেম্বরেও অস্কার পাওয়ার গুজবের কথাটি মনে করিয়ে দেওয়া হয় তাঁকে। তিনি বলেছিলেন, ‘এটা একটা বাজে স্বপ্ন। এই স্বপ্ন দেখতে চাই না। কেননা ঘুম ভেঙে গেলে পরে মন খারাপ হয়ে যাবে। আমার তো এখনো মনে হয়, আমার কাজ ভালো হয় না।’