অস্কার উপস্থাপকের পারিশ্রমিক কত?
>

• অস্কার অনুষ্ঠান উপস্থাপনার জন্য উপস্থাপক কত পান?
• এই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পাওয়া খুবই সম্মানের।
• কত পারিশ্রমিক দেওয়া হচ্ছে, সেটা কোনো ব্যাপার না।
অস্কার অনুষ্ঠান উপস্থাপনার জন্য উপস্থাপক কত পান? আপনি কি তা জানতে চান? যাঁরা এই অস্কার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন, তাঁদের কাছে এই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পাওয়া খুবই সম্মানের। এখানে কত পারিশ্রমিক দেওয়া হচ্ছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তারপরও কিছু তো নিশ্চয়ই দেওয়া হচ্ছে। তা বলতে সমস্যা কোথায়? না, এর আগে কোনো উপস্থাপকই পারিশ্রমিক নিয়ে কোনো কথা বলতে চাননি। এবার তা জানা গেল জিমি কিমেলের কাছ থেকে। গত বছর তিনি অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তিনি এবারও অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করবেন। ইউএস টুডের কাছ থেকে জানা গেছে, এক সাক্ষাৎকারের জিমি কিমেল জানিয়েছেন, গত বছর তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১৫ হাজার ডলার।
অস্কার অনুষ্ঠান আয়োজনে ১৫ হাজার ডলার পারিশ্রমিক, মোটেই তেমন উল্লেখযোগ্য কিছু নয়। যেখানে ‘জিমি কিমেল লাইভ শো’র জন্য এবিসি থেকে বছরে দেড় কোটি ডলার পাচ্ছেন জিমি কিমেল। এই একই টিভি চ্যানেল প্রতিবছর অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। তাহলে কি অস্কার অনুষ্ঠানের ব্যাপারে এবিসি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে জিমি কিমেলের আলাদা কোনো চুক্তি আছে? থাকতেই পারে। থাকাটাই স্বাভাবিক। এ ব্যাপারে কোনো পক্ষই মুখ খোলেনি এত দিন।
এর আগে যাঁরা অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন, তাঁরা কত পেয়েছিলেন? এ ব্যাপারে ইউএস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জিমি কিমেল জানিয়েছেন, এর আগে অস্কার অনুষ্ঠান উপস্থাপনার জন্য ক্রিস রক আর বিলি ক্রিস্টালকেও একই পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তার মানে ১৫ হাজার ডলার।
হলিউডপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত রাতটি আজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আজ রাতে (বাংলাদেশ সময় ৫ মার্চ ভোরবেলা) বসবে বরাবরের মতো অস্কারের আসর। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার অনুষ্ঠান এ বছর ৯০তম বছর উদ্যাপন করতে যাচ্ছে।