অস্কার জিততে পারেন 'স্টিভ জবস' ফাসবেন্ডার!

অভিনয়, নির্মাণ সব মিলিয়েই ‘স্টিভ জবস’ ছবির তুমুল প্রশংসা করছেন চলচ্চিত্র সমালোচকেরা। অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবসকে নিয়ে নির্মিত এই ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাইকেল ফাসবেন্ডার। চলচ্চিত্র সমালোচকেরা মনে করছেন, এ ছবিতে ‘স্টিভ জবস’-এর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পেতে পারেন অভিনেতা মাইকেল ফাসবেন্ডার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্টিভ জবস ছবিটির ইতিবাচক সমালোচনা এরই মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এ ছবি নিয়ে ভ্যারাইটি ডটকম লিখেছে, অভিনেতা ফাসবেন্ডার, পরিচালক ড্যানি বয়েল ও চিত্রনাট্যকার অ্যারন সরকিন সবাই মিলেই ‘স্টিভ জবস’ ছবিটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই শরতে দেখার মতো একটি আকর্ষণীয় ছবি হয়ে দাঁড়িয়েছে ‘স্টিভ জবস’।
ভ্যারাইটি ডটকমের মতোই ইতিবাচক সমালোচনা লিখেছে হলিউড রিপোর্টার। সারা বিশ্বের ছবির দর্শকেরা ছবির নামের জন্যই এটি গুরুত্ব দিয়ে দেখবেন বলে মনে করছে সংবাদমাধ্যমটি।
এদিকে, নিউ ইয়র্ক টাইমস তাদের ব্লগে লিখেছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের কলোরাডোর টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হলে দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াককে উদ্ধৃত করে ডেডলাইন হলিউড লিখেছে, ‘ছবিটি দেখে যেন বাস্তবের স্টিভ জবসকে দেখারই অভিজ্ঞতা হয়েছে স্টিভ ওজনিয়াকের।’ নিখুঁতভাবে ছবিটি নির্মাণের জন্য ড্যানি বয়েল ও অ্যারন সরকিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ছবিটি প্রসঙ্গে ইন্ডিওয়্যার ডটকম লিখেছে, অস্কার জেতার জন্য একটি ছবিতে যা যা থাকার দরকার হয় এতে তার সবই আছে। ছবিতে ফাসবেন্ডার ও কেট উইন্সলেট দুর্দান্ত অভিনয় করেছেন। দ্য গার্ডিয়ান ও শিকাগো ট্রিবিউনে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে।
এর আগে, গত মে মাসে স্টিভ জবসের জীবনকাহিনি নির্ভর এ ছবির ট্রেলার উন্মুক্ত করেছিল ইউনিভার্সাল স্টুডিওস। এক মিনিটের ক্লিপে ফাসবেন্ডারকে দেখা গেছে স্টিভ জবস হিসেবে। ছবিতে অ্যাপলের ম্যাকিনটোশ বিভাগের মার্কেটিং বিভাগের প্রধান জোয়ানা হফম্যানের চরিত্রে অভিনয় করেছেন কেট উইন্সলেট। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের চরিত্রে অভিনয় করেছেন সেথ রোজেন। ছবিতে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী জন স্কালির চরিত্রে থাকছেন জেফ ড্যানিয়েলস।
এ বছরের ৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘স্টিভ জবস’ ছবিটি।