অস্কার থেকে পদত্যাগ করেছেন তিনি
গত মাসের শেষে ঘোষণা করা হয়, অস্কারের মূল আয়োজনের সরাসরি অনুষ্ঠান থেকে বাদ যাচ্ছে আট বিভাগ। মূল অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে এই বিভাগগুলোর পুরস্কার দেওয়া হবে। সেটা রেকর্ড করে পরে সম্প্রচার করা হবে। এ নিয়ে কয়েক দিন ধরে বাদ যাওয়া বিভাগগুলোর মধ্য অসন্তুষ্টি দেখা যায়। শুরু হয় তীব্র সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে একাডেমি পুরস্কার অস্কারের সদস্যপদ ত্যাগ করেছেন মার্কিন অডিও প্রকৌশলী টম ফ্লাসম্যান।
টম যুক্তরাষ্ট্রের একজন ব্যস্ত অডিও প্রকৌশলী। বিখ্যাত পরিচালক মার্টিন স্করসিস, স্পাইক লির একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। ‘হুগো’ সিনেমায় সাউন্ডের কাজ করে পেয়েছেন অস্কার পুরস্কার। এ ছাড়া ‘দ্য অ্যাভিয়েটর’, ‘সাইলেন্স অব দ্য ল্যাম্ব’, ‘রেডস’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সিনেমার জন্য চারবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। সদস্যপদ ত্যাগের সিদ্ধান্তের কথা নিজেই ভ্যারাইটিকে জানিয়েছেন টম।
টম ফ্লাসম্যান প্রায় ২০০ সিনেমার সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। এই পেশায় আছেন প্রায় পাঁচ দশক। পেশাটিকে এগিয়ে নিতে অগ্রগামী ভূমিকা পালন করেছেন তিনি। এ ছাড়া বোর্ড অব ডিরেক্টর অব দ্য সিনেমা অডিও সোসাইটির দায়িত্বে রয়েছেন তিনি। সংগঠনটির পক্ষ থেকে গত সপ্তাহে এক বিবৃতিতে কান চলচ্চিত্র উৎসব আয়োজকদের সমালোচনাও করা হয়।
গত মাসে অস্কার আয়োজকেরা তাঁদের বিবৃতিতে জানায়, ডকুমেন্টারি শর্ট, ফিল্ম এডিটিং, মেক-আপ-হেয়ারস্টাইল, অরিজিনাল স্কোর, প্রোডাকশন ডিজাইন, অ্যানিমেটেড শর্ট, লাইভ অ্যাকশন শর্ট ও সাউন্ড শাখাগুলো সরাসরি অনুষ্ঠান থেকে বাদ যাবে। সরাসরি অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগেই এই শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অস্কার কমিটির এমন সিদ্ধান্ত মানতে পারছেন না আট বিভাগের কলাকুশলীরা। যদিও যুক্তি হিসেবে অস্কার আয়োজকেরা জানিয়েছেন, সময় ও অতিথি কমানো ও চ্যানেলের সরাসরি অনুষ্ঠানের রেটিং কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ মার্চ ডলবি থিয়েটারে বাকি ১৫টি ক্যাটাগরির পুরস্কার সরাসরি অনুষ্ঠানে দেখানো হবে।