অস্কার থেকে বহিষ্কৃত হার্ভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শেক্‌সপিয়ার ইন লাভ’ ছবির প্রযোজকদের সঙ্গে অস্কার হাতে অভিনেত্রী গিনেথ প্যাল্ট্রো। বাম পাশে হার্ভি ওয়াইনস্টিন
‘শেক্‌সপিয়ার ইন লাভ’ ছবির প্রযোজকদের সঙ্গে অস্কার হাতে অভিনেত্রী গিনেথ প্যাল্ট্রো। বাম পাশে হার্ভি ওয়াইনস্টিন

গতকাল একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একাডেমির সদস্যদের মধ্যে হার্ভিকে নিয়ে একটি ভোটের আয়োজন করেছিল। সেখানে প্রশ্ন রাখা হয়েছিল, যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পরও কি হার্ভি একাডেমির সদস্য থাকবেন? একাডেমির দুই-তৃতীয়াংশ সক্রিয় সদস্য হার্ভিকে বহিষ্কারের জন্য ভোট দেন। এরপরই তাঁকে বহিষ্কারের ঘোষণা দেয় একাডেমি।

অস্কার আসরে হার্ভি ওয়াইনস্টিন ছিলেন এক প্রভাবশালী নাম। এ পর্যন্ত তাঁর প্রযোজিত ছবিগুলো পেয়েছে ৩০০ অস্কার মনোনয়ন এবং বিভিন্ন বিভাগে জিতেছে ৮১টি অস্কার। ২০১৫ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, অস্কার জেতার পর কৃতজ্ঞতা প্রকাশের বক্তৃতায় স্টিভেন স্পিলবার্গের পর বিজয়ীরা সবচেয়ে বেশিবার ‘ধন্যবাদ’ দিয়েছেন হার্ভিকে। এমনকি অস্কার বিজয়ীরা জয়ের পর ঈশ্বরকেও এতবার স্মরণ করেননি, যতবার হার্ভিকে স্মরণ করেছেন। কিন্তু সেই হার্ভিরই যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর দৃশ্যপট পাল্টে গেছে। এরই মধ্য এই প্রযোজকের বাফটা সদস্যপদও বাতিল করা হয়েছে। ফরাসি সরকার হার্ভির কাছ থেকে দেশটির সর্বোচ্চ সম্মাননা ‘লিজিয়ন অব অনার’ ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

সূত্র: বিবিসি।