>আজ যাঁরা অস্কার ঘরে তুলতে পারলেন না, তাঁদের জন্য ভক্তদের মন খারাপ হয়েছে নিশ্চয়ই? হেরে যাওয়া শিল্পী-কুশলীদের মনের অবস্থা বুঝুন তাহলে। তবে পরাজয়ের বেদনায় ভারাক্রান্ত মনকে একটু হলেও সান্ত্বনা দেবে ‘অস্কার গিফট ব্যাগ’। সেই ব্যাগে আছে লাখো ডলার সমমূল্যের উপহার। অস্কার বিজয়ী ও মনোনীত ব্যক্তিরা আজ সেই উপহারের ব্যাগ পাবেন। কী কী থাকছে সেই ব্যাগে, তার কয়েকটির নাম চলুন আজ জেনে নিই।
একাডেমি অ্যাওয়ার্ডের দেওয়া অফিশিয়াল গিফট ব্যাগে আছে ২০ হাজার মার্কিন ডলার সমমূল্যের উপহারসামগ্রী, যা মনোনীত ব্যক্তিদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। এখন আনুষ্ঠানিকভাবে সেই উপহারের ব্যাগের কথা একাডেমি কর্তৃপক্ষ না জানালেও সেই ব্যাগে স্থান পাওয়া পণ্যগুলোর সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান এরই মধ্যে জানিয়ে দিয়েছে সব বৃত্তান্ত।
উপহারের ব্যাগে আছে ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিলাসবহুল সব হোটেলে বিনা মূল্যে থাকা-খাওয়ার কুপন। উন্নত প্রযুক্তির মুঠোফোন, ডিজিটাল ক্যামেরাসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের প্রসাধনী ও পোশাক থাকছে তাতে। আর খাদ্যসামগ্রীর মধ্যে চকলেট, কুকিজ, কেক থাকা তো খুবই স্বাভাবিক ব্যাপার।
এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান অস্কার মনোনীত ব্যক্তিদের ব্যক্তিগতভাবেও বিভিন্ন উপহার ব্যাগ দিয়ে আসছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠান ডিসটিংকটিভ অ্যাসেটসের উপহার ব্যাগের ইতিহাস বেশ পুরোনো। তারা ১৫ বছর ধরে সেরা অভিনেতা, অভিনেত্রী, সহ-অভিনেতা, সহ-অভিনেত্রী ও পরিচালক বিভাগে বিজয়ী ও মনোনীত ব্যক্তিদের কাছে পাঠিয়ে আসছে মহামূল্যবান উপহারের ব্যাগ। তাতে বিশেষায়িত টয়লেট পেপার থেকে শুরু করে হীরা ও রুবিখচিত ব্রেসলেট—সবই থাকছে। থাকছে বিশেষ স্পা, লেজার ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি করার জন্য বিশেষ মূল্যছাড়। এ বছর ডিসটিংকটিভ অ্যাসেটস তাদের উপহারের ব্যাগে যোগ করেছে বিনা মূল্যে চোখের ল্যাসিক চিকিৎসা করানোর কুপন এবং বিশেষ নকশার স্লিপার।
এদিকে ইউএস ম্যাগাজিন জানিয়েছে, ম্যাডিসন অ্যান্ড মালহল্যান্ড নামের একটি প্রতিষ্ঠানও এ বছর ব্যবস্থা করেছে মনোনীত শিল্পী ও কুশলীদের জন্য অস্কার ‘আন-অফিশিয়াল’ উপহারের ব্যাগ। তাতে তারা যোগ করেছে ১৮টি বিলাসবহুল উপহারসামগ্রী, যার বাজারমূল্য ২৫ হাজার মার্কিন ডলার।