অস্কার পাচ্ছেন জ্যাকি!

অস্কার পেতে যাচ্ছেন মার্শাল আর্টিস্ট ও চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যান। চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য এই অ্যাকশন তারকাকে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করতে যাচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্স।
হংকংয়ের অভিনেতা, পরিচালক, লেখক ও প্রযোজক জ্যাকি চ্যানের সঙ্গে আরো তিনজনকে এই সম্মাননা জানানো হবে। তাঁরা হচ্ছেন চলচ্চিত্র সম্পাদক আনা ভি কোটস, প্রামাণ্যচিত্র নির্মাতা ফ্রেডরিক ওয়াইজম্যান ও কাস্টিং পরিচালক লিন স্টালমাস্টার। এই চার গুণী সম্পর্কে অ্যাকাডেমি প্রেসিডেন্ট শ্যারল বোন আইজ্যাক বলেছেন, ‘তাঁরা যে যার ক্ষেত্রে সত্যিকারের পথিকৃৎ ও কিংবদন্তি।’ যদিও জ্যাকি চ্যানকে অস্কার দেওয়ার ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অস্কার কর্তৃপক্ষ।
মাত্র আট বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখান জ্যাকি চ্যান। হংকংভিত্তিক প্রায় ত্রিশটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সেসব ছবিতে শুধু অভিনয়ই নয়, চিত্রনাট্য রচনা ও পরিচালনাও করেছেন তিনি। নিজস্ব ধারার অ্যাকশন কমেডির জন্য শিশুদের কাছে দারুণ জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি ২০১৬ সালের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতার তালিকায় দু নম্বরে চলে আসে তাঁর নাম। একটি ছবির জন্য ৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিকও নিয়েছেন এই তিনি। তালিকায় জ্যাকির ঠিক আগের অবস্থানে রয়েছেন ডোয়াইন জনসন।
হলিউডের বিখ্যাত সব ছবিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান। এগুলোর মধ্যে বেশির ভাগই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘কুংফু পান্ডা’ সিরিজ, ‘রাশ আওয়ার’ ও ‘দ্য কারাতে কিড রিবুট’। ছবিগুলো অন্যতম। ইন্ডিয়া টুডে