অস্কার বয়কট করতে চেয়েছিলেন স্ট্যালন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভেস্টার স্ট্যালন
সিলভেস্টার স্ট্যালন

সাম্প্রতিক অস্কার বিতর্কের পরিপ্রেক্ষিতে মনোনয়ন পাওয়ার পর হলিউডের অভিনেতা সিলভেস্টার স্ট্যালন জানিয়েছিলেন, মনোনয়ন পাওয়ায় তিনি অসম্ভব রকমের অস্বস্তিতে ছিলেন। এমনকি তাঁর এ-ও মনে হয়েছিল যে তিনি অস্কার বয়কট করবেন।


এ প্রসঙ্গে ‘র‍্যাম্বো’ তারকা স্ট্যালন জানিয়েছেন, মনোনয়ন পাওয়ার পর তা গ্রহণ করবেন কি না, এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারার কারণে তাঁর ছবির নির্মাতা রায়ান কুগলারের শরণাপন্ন হয়েছিলেন তিনি।

স্ট্যালন বলেছেন, ‘আমি বিষয়টি নিয়ে রায়ানের সঙ্গে কথা বলি। তাকে বলি, তুমি কীভাবে বিষয়টি সামলাতে? কারণ আমি বিশ্বাস করি, এই মনোনয়ন পাওয়ার পেছনে তোমার বিশেষ ভূমিকা আছে।’
তিনি জানিয়েছেন, রায়ান তাঁকে বয়কট না করারই পরামর্শ দিয়েছিলেন।

অস্কার নিয়ে যে বর্ণবৈষম্য বিতর্ক চলছে, এরই পরিপ্রেক্ষিতে হলিউডের তারকা অভিনেতা সিলভেস্টার স্ট্যালন এবারের অস্কারের আসরটি বয়কট করার চিন্তাভাবনা করছিলেন।

এবারের অস্কারের আসরের মনোনয়ন তালিকায় সিলভেস্টার স্ট্যালন সেরা সহ-অভিনেতার বিভাগে মনোনয়ন পান। অস্কারের মনোনয়নের ক্ষেত্রে একপেশে বর্ণবৈষম্যমূলক মনোনয়নের কারণে অভিনেত্রী জাডা পিংকেট, নির্মাতা স্পাইক লিসহ আরও অনেকেই অস্কার বয়কট করার সিদ্ধান্ত নেন।

অবশ্য শেষ পর্যন্ত স্ট্যালন তাঁর মত পাল্টেছেন। অস্কারের আসরে অংশ নেবেন তিনি। যদিও এ ক্ষেত্রে তিনি জানিয়েছেন, নির্মাতা রায়ানের কারণেই তিনি অস্কারে অংশ নেবেন।

এ প্রসঙ্গে স্ট্যালন বলেছেন, ‘আমি তাকে (রায়ান) বলেছিলাম, তুমি যদি না চাও, আমি যাব না। কিন্তু সে বলেছিল, “আমি চাই যে তুমি যাও।”’

স্ট্যালন বলেন, ‘রায়ান এমনই একজন মানুষ। সে চেয়েছিল আমি যেন তার হয়ে সেখানে গিয়ে দাঁড়াই।’

প্রসঙ্গত, এই সোমবার অস্কারের মধ্যাহ্নভোজের আয়োজনস্থলের বাইরে অনেকেই জড়ো হয়েছিলেন অস্কারে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তাঁদের অনেকেই ‘#অস্কারসোহোয়াইট’ এই স্মারক উঁচিয়ে প্রতিবাদ জানান। ইন্দো-এশিয়ান নিউজ।