অস্কার ভোরের অপেক্ষায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলবি থিয়েটারের বাইরে পর্দা ওঠার অপেক্ষায় থাকা অস্কারমূর্তি
ডলবি থিয়েটারের বাইরে পর্দা ওঠার অপেক্ষায় থাকা অস্কারমূর্তি

যুক্তরাষ্ট্রের দর্শকদের কাছে ‘অস্কার নাইট’ ব্যাপারটি যেমন রোমাঞ্চকর, সময়ের ব্যবধানের কারণে আমাদের দেশে একে বলা যেতে পারে ‘অস্কার ভোর’। লস অ্যাঞ্জেলেস সময় রাত সাড়ে আটটায় সেখানে যে অনুষ্ঠানটি শুরু হবে, আমাদের এখানে সেটি ভোর ছয়টা থেকে দেখা যাবে। তাই দেশের সিনেমাপ্রেমীরা এখন আছেন ‘অস্কার ভোর’-এর অপেক্ষায়।

অস্কারের জন্য এ বছর অপেক্ষা করার রয়েছে নানা কারণ। এর মধ্যে অন্যতম কারণটি হচ্ছে, বছরের শুরু থেকেই আলোচিত ‘লা লা ল্যান্ড’ ছবিটি। গোল্ডেন গ্লোব ও বাফটা জয় করার পর অনেকেই আগেভাগে অনুমান করে আছেন অস্কারেও হবে এই মিউজিক্যাল ঘরানার ছবির জয়। কিন্তু অস্কারজয়ী ছবির অনুমান করা কি আর এতই সহজ? যেখানে একই বিভাগে জয়ের জন্য লড়ছে ‘লায়ন’, ‘অ্যারাইভাল’, ‘ফেন্সেস’, ‘মুনলাইট’, ‘হ্যাকসো রিজ’, ‘হিডেন ফিগার্স’, ‘হেল অর হাই ওয়াটার’ আর ‘ম্যানচেস্টার বাই দ্য সি’-এর মতো ছবিগুলো।
এ ছাড়া অস্কার ভোরের অপেক্ষার আরও একটি কারণ হতে পারে নানা বর্ণের শিল্পীদের একাত্মতা। মেরিল স্ট্রিপ থেকে শুরু করে কৃষ্ণবর্ণের রুথ নেগা, ডেনজেল ওয়াশিংটন থেকে শুরু করে ভারতীয় বংশোদ্ভূত দেব প্যাটেল—সবাইকে এ বছর একাডেমি কর্তৃপক্ষ রেখেছে এক কাতারে। তবে এত কিছুর পরও সিনেমাপ্রেমীদের আক্ষেপ থেকে যাবে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির জন্য। কোনোভাবে যদি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে এ বছর তাঁর ছবি ‘দ্য সেলসম্যান’ অস্কার জিতে যায়, তাহলে সেই আক্ষেপের ছাপ পৌঁছে যেতে পারে অস্কারমঞ্চ পর্যন্ত। আর যদি অস্কারমঞ্চে কোনোভাবে উঠতে পারেন মেরিল স্ট্রিপ, তাহলে তো গোল্ডেন গ্লোব আসরের মতো এবারও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পবিরোধী আরেকটি বুদ্ধিদীপ্ত বক্তৃতা দর্শক প্রত্যাশা করতেই পারেন। তাই চলুন ভোরের অপেক্ষা করি, একটি অস্কার ভোরের!