অস্কার মনোনয়নে বৈচিত্র্য আনতে নতুন সিদ্ধান্ত

অস্কারের সোনালি মূর্তিটা নাকি শুধুই সাদা মানুষদের জন্য। কৃষ্ণাঙ্গরা এখানে পুরোপুরি উপেক্ষিত। চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার নিয়ে এমন বর্ণবাদের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে অস্কার কমিটির সদস্যদের ভোটাধিকার এবং নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুমোদন করে দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। ২০২০ সালের মধ্যে অস্কারে নারীর সংখ্যা দ্বিগুণ করতে এবং সদস্যদের মধ্যে বৈচিত্র্য আনতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
অস্কারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে এমন শঙ্কায় জানুয়ারি ২৬ তারিখের পূর্বনির্ধারিত বৈঠকের আগেই এ বৈঠক ডাকা হয়। বর্তমান ৫১ সদস্যের বোর্ডে নতুন তিনজন সদস্য নেওয়া হবে। আর অস্কারে সদস্যপদের মেয়াদ থাকবে ১০ বছর। তবে সেই অভিনেতা যদি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তা আবারও ১০ বছরের জন্য নবায়ন করা হবে।
এদিকে ফেব্রুয়ারির ২৮ তারিখের অস্কারের আসরে কৃষ্ণাঙ্গ কৌতুক অভিনেতা ক্রিস রকের সঞ্চালক হিসেবে উপস্থিত থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে অস্কার অ্যাকাডেমি থেকে নিশ্চিত করা হয়েছে, ক্রিসই সঞ্চালক থাকছেন। কারণ, তিনি বিশ্বাস করেন—উপস্থিত না থাকার চেয়ে বরং উপস্থিত থেকে অনেক বেশি দর্শক-শ্রোতার কাছে তিনি তাঁর বার্তা পৌঁছে দিতে পারবেন।
বর্ণবাদের অভিযোগের রেশ ধরে পরিচালক স্পাইক লি ও অভিনেত্রী জাডা পিংকেট স্মিথের মতো তারকারা এবারের অস্কারের আসরে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন।
এ ছাড়া অনেক তারকাই এ বিষয়ে তাঁদের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এর কারণটাও সুস্পষ্ট। গত দুই আসরে অভিনয়ের সেরা চারটি বিভাগের ২০টি মনোনয়নেই ‘সাদা’ তারকাদের মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে নির্মাতা স্পাইক লির প্রশ্ন, তাঁর ভাষায়, ‘আমরা কি অভিনয় পারি না?’ আর জাডা স্মিথ তো ‘নিজেদের জন্য’ আরেকটি এমন অনুষ্ঠান আয়োজনের কথাও তোলেন! স্বয়ং অ্যাকাডেমি প্রেসিডেন্ট শেরিল বুন আইজ্যাকসও এমন মনোনয়নে হতাশা প্রকাশ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর হিসাব অনুযায়ী, মোট জনসংখ্যার ৪০ শতাংশ শ্বেতাঙ্গ নন। তবু দীর্ঘদিন ধরেই অস্কারে অন্য বর্ণের ব্যক্তিত্বরা উপেক্ষিত থেকে গেছেন। ২০০৬ সালের পর সেরা অভিনেতা হিসেবে কোনো কৃষ্ণাঙ্গ মানুষের অস্কার পাওয়ার নজির নেই। সে বছর ফরেস্ট হুইটেকার, ২০০৪ সালে জেমি ফক্স, ২০০১ সালে ডেনজেল ওয়াশিংটন, একই বছর একমাত্র কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালি বেরি এবং ১৯৬৩ সালে সিডনি পয়টিয়ার—অস্কারের ইতিহাসে হাতেগোনা এই কয়েকজন কৃষ্ণাঙ্গ অভিনেতার হাতে এখন পর্যন্ত সেরা অভিনয়ের অস্কার উঠেছে। ভ্যারাইটি ম্যাগাজিন। বিবিসি।