অস্কার ২০১৫: মনোনয়নে যত চমক

অস্কারের মাতামাতি সিনেমাপোকাদের মাথায় চেপে বসেছে। প্রতিবছরই অস্কার মনোনয়ন ঘোষণার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে তরতর করে। এ বছরও হয়নি এর ব্যতিক্রম। মনোনয়ন ঘোষণার পর হলিউডে হইহই পড়ে গেছে। সেই অস্কারহুল্লোড়ের কিছু খণ্ডচিত্র তুলে দেওয়া হলো—
অভিনেত্রী মেরিল স্ট্রিপ এ বছর ইনটু দ্য উডস ছবির জন্য জিতেছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার মনোনয়ন। এটি মেরিলের ১৯তম মনোনয়ন। মনোনয়নের দৌড়ে মেরিলের প্রতিদ্বন্দ্বী হওয়ার সৌভাগ্য এখনো কারও হয়ে ওঠেনি। মেরিল নিজেই নিজের রেকর্ড ভেঙে চলছেন। অভিনেতা জ্যাক নিকোলসন এবং ক্যাথরিন হেপবার্ন বিভিন্ন সময় ১২টি মনোনয়ন পেয়েছিলেন। মেরিল স্ট্রিপের পর মনোনয়ন-দৌড়ে তাঁরাই এগিয়ে আছে।
৮৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে নতুনেরা দাপটের সঙ্গে স্থান করে নিয়েছেন মনোনয়ন তালিকায়। অভিনয়ের চারটি বিভাগে মনোনয়ন পাওয়া ২০ অভিনেতাশিল্পীর মধ্যে ৯ জনই অস্কার আসরে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন। এরা হলেন ফ্যালিসিটি জোনস, রোজমন্ড পাইক, স্টিভ ক্যারেল, বেনেডিক্ট কাম্বারব্যাচ, মাইকেল কিটন, এডি রেডম্যায়নে, প্যাট্রিসিয়া আরকেত্তে, এমা স্টোনস এবং জেকে সিমনস।
পরপর তিন বছর ধরে অভিনেতা ব্র্যাডলি কুপার মনোনয়ন পেয়েই যাচ্ছেন। কিন্তু অস্কারের দেখা মিলছে না। তবে, মনোনয়নই বা কম কিসে। এটাও তো অনেকের ভাগ্যে জোটে না। কুপার হলেন ১৫তম অভিনেতা যিনি পরপর তিন বছর অস্কারের মনোনয়ন দৌড়ে নাম লিখিয়ে হ্যাট্রিক করেছেন।
কাকতালীয় ঘটনা আছে একটা। দ্য অ্যাভেঞ্জার্স ছবিতে ‘হাল্ক’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মার্ক র্যা ফেলো। এর আগে এই একই চরিত্রে আরেকটি ছবিতে দেখা গেছে এড নর্টনকে। এই দুই ‘হাল্ক’ই এবার মুখোমুখি হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়নের তালিকায়। দুই হাল্ক মুখোমুখি অস্কারে! কী জানি কী হয়! বিবিসি