অস্কারে আবার জিমি
অস্কারের ৮৯তম আসরের মঞ্চ মাতিয়েছিলেন সঞ্চালক জিমি কিমেল। আসছে বছর ৯০তম আসরের জন্য তাঁকে আবারও চাইছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে সে ঘোষণাও দিয়ে ফেলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার অ্যাকাডেমি প্রেসিডেন্ট শেরিল বুন আইজাকস বলেছেন, ‘তিনি অস্কারের ইতিহাসে সেরা সঞ্চালক।’ শেষ আসরে জিমির সঙ্গে ছিলেন মাইকেল ডি লুকা এবং জেনিফার টড। এই তিনজনের প্রশংসা করে শেরিল তাঁদের দলকে অস্কারের ‘স্বপ্নদল’ হিসেবে আখ্যা দেন। ৯০তম আসরেও জিমির সঙ্গে বাকি দুজন থাকছেন। শেরিল বলেন, ‘জিমি, মাইক আর জেনিফার সত্যিই অস্কারের স্বপ্নদল।’
এই ঘোষণার পর টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কৌতুকশিল্পী জিমি কিমেল। তিনি লিখেছেন, ‘আমাকে আবারও অস্কার সঞ্চালনার দায়িত্ব দেওয়ায় অ্যাকাডেমিকে ধন্যবাদ।’ এক সাক্ষাৎকারে তিনি জানান, অস্কার উপস্থাপনা করা তাঁর ক্যারিয়ারে উজ্জ্বল অধ্যায়। আবারও এমন সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। প্রিয় মানুষ মাইকেল ও জেনিফারের সঙ্গে আবার কাজ করতে পারবেন বলে তিনি ধন্যবাদ জানিয়েছেন শেরিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মিরর।