অস্কারে খুশি হননি অ্যানা!

সব অভিনয়শিল্পীরই স্বপ্ন থাকে জীবনে অন্তত একবার অস্কার জেতার। আর হলিউড অভিনেত্রী অ্যানা হ্যাথাওয়ে কিনা অস্কার পেয়ে হয়েছিলেন নাখোশ! সম্প্রতি নিজের সম্পর্কে এই কথা জানিয়েছেন ৩৩ বছর বয়সের এই অভিনেত্রী।
২০১৩ সালে ‘লা মিজারেবল’ ছবিতে অসাধারণ অভিনয় করে অস্কার আসরে অ্যানা জিতেছিলেন সেরা পার্শ্ব–অভিনেত্রীর পুরস্কার। কিন্তু এতে তিনি মোটেও খুশি হননি। বরং তাঁর মধ্যে নাকি ভীষণ অস্বস্তি কাজ করছিল। অ্যানার ভাষ্য, ‘অস্কার পেয়ে যে–কেউ আনন্দিত হবে। কিন্তু আমি সেদিন খুশি হতে পারিনি। আমার অপরাধ বোধ হচ্ছিল। মনে হচ্ছিল, আমি যে পোশাকটি পরে মঞ্চে দাঁড়িয়ে আছি, তার এত দাম যে অনেকে সারা জীবনেও হয়তো এত টাকা চোখে দেখেনি। আর কষ্টের চরিত্রে অভিনয় করে অস্কার জেতার কারণেও মন কিছুটা খারাপ ছিল। যদিও এই অভিজ্ঞতাগুলো আমাদের জীবনেরই একটি অংশ।’
এই তারকা জানান, খুশি না হওয়া সত্ত্বেও তাঁকে সেদিন জোর করে খুশি হওয়ার ভান করতে হয়েছিল।
‘লা মিজারেবল’ ছবিতে অ্যানা একজন পতিতার চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয় করে তিনি বাফটা, গোল্ডেন গ্লোবসহ আরও বেশ কয়েকটি পুরস্কার জয় করেন। গার্ডিয়ান।