অস্কারে নয়, তবে চাকরি আছে!

এবারের অস্কার ভুল দিয়ে ইতিহাস গড়ল। সেরা ছবির ভুল নাম ঘোষণায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হলো। আয়োজক প্রাইস ওয়াটার হাউস কুপারসের (পিডব্লিউসি) দুজন হিসাবরক্ষক—মার্থা রুইজ ও ব্রায়ান কালিনান। পিডব্লিউসি ক্ষমাও চাইল। নিষিদ্ধ করল মার্থা ও ব্রায়ানের অস্কারে প্রবেশ। আর কখনোই কোনো অস্কার অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না তাঁরা।

ফিল্ম অ্যাকাডেমির সভাপতি জানিয়েছেন, মার্থা রুইজ ও ব্রায়ান কালিনানকে অস্কারে বিজয়ীদের নাম লেখা খাম পুরস্কার ঘোষকদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব থেকে সারা জীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্র জানায়, ব্রায়ানই নাকি ওয়ারেন বেটির হাতে ভুল খাম ধরিয়ে দিয়েছিলেন। তখন মার্থাও কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেননি। এই গন্ডগোলের আগ মুহূর্তে ব্রায়ান ব্যস্ত ছিলেন টুইটারে সেরা অভিনেত্রী এমা স্টোনের ছবি পোস্ট দিতে। নিজের ভুল লুকানোর জন্য সেটা আবার মুছেও ফেলেন তিনি। পিডব্লিউসির ঘনিষ্ঠ সূত্র জানায়, শুধু অস্কারের খাম বহন আর অনুপস্থিত হওয়া ছাড়া আর কোনো শাস্তি ভোগ করবেন না এই দুজন। বরখাস্ত হবেন না। চাকরি বহাল থাকবে তাঁদের। হয়তো অনেক দিনের পুরোনো সদস্যকে ছাড়তে চায় না পিডব্লিউসি।
টিএমজেড