অস্কারেও 'দ্য রেভেন্যান্ট' ঝড়?

গোল্ডেন গ্লোব জয়ের পর এবার সম্ভবত আলেহান্দ্রো গলজালেস ইনারিতুর দ্য রেভেন্যান্ট অস্কার জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ৮৮তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য এই ছবি পেয়েছে ১২টি মনোনয়ন! গতকাল বৃহস্পতিবার এ মনোনয়ন তালিকা প্রকাশিত হয়।
১২টি মনোনয়নের মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা পুরস্কারের মনোনয়ন।
সেরা ছবির লড়াইয়ে আরও আছে স্পটলাইট, দ্য বিগ শর্ট, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য মার্টিন, ব্রুকলিন, ব্রিজ অব স্পাইজ ও রুম।
সেরা অভিনেতার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি দ্য রেভেন্যান্ট-এর মূল চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন লিও। অস্কারে এর আগে পাঁচবার মনোনয়ন পেয়েছেন। কিন্তু একবারও হাতে ওঠেনি পুরস্কার।
এবার আরও যাঁরা সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন, তাঁরা হলেন ম্যাট ডেমন (দ্য মার্টিন), মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস), ব্রায়ান ক্রান্সটন (ট্রুমবো) ও এডি রেডমাইনি (দ্য ডেনিশ গার্ল)।
সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন কেট ব্লেনচেট (ক্যারল), ব্রি লারসন (রুম), সাওইরস রোনান (ব্রুকলিন), জেনিফার লরেন্স (জয়), কার্লট র্যা ম্পলিং (ফর্টি ফাইভ ইয়ারস)
এবার সেরা নির্মাতার মনোনয়ন পেয়েছেন ইনারিতু, টম ম্যাককার্থি (স্পটলাইট), জর্জ মিলার (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড), অ্যাডাম ম্যাককে (দ্য বিগ শর্ট), লেনি আব্রাহামসন (রুম)। সিএনএন।