অস্কারের মঞ্চে দেব প্যাটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেব প্যাটেল
দেব প্যাটেল

২০১৬ সালের অস্কারের ‘সেরা ডকুমেন্টারি ফিচার’ বিভাগে পুরস্কার জিতেছে ‘অ্যামি’। এই প্রামাণ্যচিত্রের পরিচালক আসিফ কাপাডিয়ার হাতে পুরস্কার তুলে দেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল ও ব্রিটিশ অভিনেত্রী ডেইজি রিডলে।

‘অ্যামি’ প্রামাণ্যচিত্রটি ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউসকে নিয়ে তৈরি। এই শিল্পী ছয়বার গ্রামি অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১১ সালে মাত্র ২৭ বছর বয়সে মারা যান তিনি। অসাধারণ কণ্ঠের অধিকারী এই শিল্পী তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে একসময় ভীষণ হতাশ হয়ে পড়েন। আর এর প্রভাব গিয়ে পড়ে তাঁর সংগীত জীবনে। অকালপ্রয়াত এই গায়িকার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রটি এ বছর ‘সেরা ডকুমেন্টারি ফিচার’-এর অস্কার লাভ করেছে।

‘স্লাম ডগ মিলিয়নিয়ার’ তারকা দেব প্যাটেলের জন্য অবশ্য অস্কার আসরে উপস্থিত থাকার অভিজ্ঞতা এটাই প্রথম নয়। ২০০৯ সালে অস্কারের ৮১তম আসরে তিনি প্রথমবার এই পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন। সে বছর তাঁর অভিনীত ‘স্লাম ডগ মিলিয়নিয়ার’ ছবিটি ‘সেরা চলচ্চিত্র’-এর অস্কার লাভ করে।