অস্কারের মহড়া

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের একটি পাঁচতারা হোটেলে গত সোমবার হয়ে গেল ‘অস্কার মহড়া’। সেখানে উপস্থিত ছিলেন এ বছর অস্কার মনোনয়ন পাওয়া শিল্পী ও কলাকুশলীরা।

জয়-পরাজয়ের সংশয় আর শঙ্কা ভুলে প্রত্যেকেই আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের টেবিলে মন খুলে কথা বলেছেন, তুলেছেন ছবি আর মেতেছেন আড্ডায়। প্রতিবছরই মূল আয়োজনের আগে এ ‘অস্কার লাঞ্চন’ বা ভোজের আয়োজন করে একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।
মধ্যাহ্নভোজের আয়োজনের আগে রেড কার্পেটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি নজর কাড়েন অপরাহ উইনফ্রে, এমা স্টোন ও রিজ উইদারস্পুন। লাল পোশাক গায়ে জড়ানো জুলিয়ান মুরের দিকেও ছিল সবার নজর।
তা ছাড়া গন গার্লখ্যাত রোজামন্ড পাইকও কোনো অংশে কম ছিলেন না। বর্ষীয়ান আর কিংবদিন্তদের ভিড়ে তাঁর আত্মবিশ্বাসী হাসি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত। ওয়াইল্ড ছবির জন্য মনোনীত অভিনেত্রী রিজ পরেছিলেন হাতাকাটা গাউনের সঙ্গে মিলিয়ে চকচকে উঁচু জুতা।

তা ছাড়া ছেলেদের মধ্যে পরিপাটি ব্র্যাডলি কুপার আর বেনেডিক্ট কাম্বারব্যাচের দিকেও ঘুরেফিরে দেখছিলেন সবাই। আর অস্কার উপস্থাপক নিল প্যাট্রিক হ্যারিস তো ছিলেন আসরের মধ্যমণি।
মধ্যাহ্নভোজের অতিথির তালিকায় আরও ছিলেন ক্লিন্ট ইস্টউড, প্যাট্রিসিয়া আরকুয়েত্তে, এডি রেডমেইনি, ফেলিসিটি জোনস, আমেরিকা ফেরেরা, মাইকেল কিটন, মারিয়ন কটিয়াসহ অস্কার মনোনীত ব্যক্তিরা।
এস শোবিজ