অস্কারের শেষ ভবিষ্যদ্বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্যারাসাইট’ ছবির একটি দৃশ্য। ছবি: ইনস্টাগ্রাম
‘প্যারাসাইট’ ছবির একটি দৃশ্য। ছবি: ইনস্টাগ্রাম

আর মাত্র কয়ে ঘণ্টা বাকি। কাল সকালেই জেনে যাবেন অস্কারের ঝলমলে মঞ্চে কারা হাসলেন শেষ হাসি। চলচ্চিত্রের ক্ষেত্রে ২০১৯ সালের সবচেয়ে বড় দুটি নাম ‘প্যারাসাইট’ আর ‘১৯১৭’। এই বেলা দেখে নেওয়া যাক সেই নামগুলো—১২৮ জন চলচ্চিত্র সমালোচকের ভোটে শেষ হাসি হাসার সম্ভাবনা যাঁদের সবচেয়ে বেশি ছিল।

সেরা সিনেমা বিভাগে ‘প্যারাসাইট’ পেয়েছে শতকরা ৬৪ ভাগ ভোট। এরপরেই ১৯ ভাগ ও ১৫ ভাগ ভোট নিয়ে দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে রয়েছে ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ ও ‘দ্য আইরিশম্যান’। ‘ম্যারেজ স্টোরি’ ও ‘লিটল উইমেন’ পেয়েছে ৮ ভাগ ভোট। তবে ‘১৯১৭’, ‘জো জো র‍্যাবিট’, ‘জোকার’ বা ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ অস্কার পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বেশির ভাগ সমালোচক (৭৬%) চান ‘প্যারাসাইট’–এর পরিচালক বং জুন হোর হাতে উঠুক সেরা পরিচালকের অস্কার। জরিপের ১২৮ জন চলচ্চিত্র সমালোচকের কেউই ভোট দেননি ‘জোকার’ ছবির নির্মাতা টড ফিলিপসকে। তবে তিনিও পেতে পারেন সেরা পরিচালক পুরস্কারের স্বাদ। মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান), কুয়েন্টিন ট্যারান্টিনো (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), স্যাম মেন্ডেসের (১৯১৭) হাতে সোনার সেই ট্রফি দেখতে চান ১৯, ১৮ ও ১৫ ভাগ চলচ্চিত্র সমালোচক। ‘পেইন অ্যান্ড গ্লোরি’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে ৫৪ ভাগ ভোট পেয়েছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস। ‘ম্যারেজ স্টোরি’তে অভিনয় করা অ্যাডাম ড্রাইভারকে চান ৩৫ ভাগ চলচ্চিত্রবোদ্ধা। তবে ২৬ ভাগ ভোট পাওয়া জোয়াকিন ফিনিক্সও বাজিমাত করে দিতে পারেন। আর লিওনার্দো ডি–ক্যাপ্রিও পেয়েছেন মাত্র ১০ ভাগ ভোট।

সেরা অভিনেত্রী হিসেবে স্কারলেট জোহানসনকে চান ৪৭ ভাগ সমালোচক। সার্শে রোনান পেয়েছেন ৪৩ ভাগ ভোট। তবে ২২ ভাগ ভোট পেয়েও ছক্কা হাঁকাতে পারেন রেনে জেলওয়েগার। শার্লিজ থেরনকে চান ১১ ভাগ সিনেমাবোদ্ধা। একমাত্র কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে সিনথিয়া এরিভো পেয়েছেন সবচেয়ে কম ভোট, মাত্র ৫ ভাগ। সেরা সহ–অভিনেতার ক্ষেত্রে ব্র্যাড পিটের জন্য একমত হয়েছেন ৭১ ভাগ ভোটদাতা। জো পেসি পেয়েছেন ২৯ ভাগ ভোট। টম হ্যাঙ্কস, আল পাচিনো ও অ্যান্থনি হপকিন্স পেয়েছেন যথাক্রমে ১৩, ১০ ও ৫ ভাগ ভোট। সেরা সহ–অভিনেত্রীর ক্ষেত্রে ৫৮ ভাগ সমালোচক চান ফ্লোরেন্স পিউকে। ৪৯ ভাগ ভোট পেয়ে কাছাকাছি আছেন লরা ডার্ন। স্কারলেট জোহানসন, মার্গট রবি ও ক্যাথি বেটসের কপালে জুটেছে মাত্র ৯, ৬ ও ৫ ভাগ ভোট।

অ্যান্টোনিও ব্যান্ডেরাস সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন।ছবি: ইনস্টাগ্রাম
অ্যান্টোনিও ব্যান্ডেরাস সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন।ছবি: ইনস্টাগ্রাম

জরিপ অনুযায়ী কয়েকটি বিভাগে সম্ভাব্য সেরাদের তালিকা। চূড়ান্ত তালিকার সঙ্গে মিলিয়ে নিন, কতটা মিলল চলচ্চিত্র সমালোচকদের রায়।

সেরা ছবি: প্যারাসাইট
সেরা পরিচালক: বং জুন হো
সেরা অভিনেতা: অ্যান্টোনিও ব্যান্ডেরাস
সেরা অভিনেত্রী: স্কারলেট জোহানসন
সেরা সহ–অভিনেতা: ব্র্যাড পিট
সেরা সহ–অভিনেত্রী: ফ্লোরেন্স পিউ
সেরা মৌলিক চিত্রনাট্য: বং জুন হো ও হান জিন উন
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: গ্রিটা গারউইগ
সেরা অ্যানিমেটেড ছবি: আই লস্ট মাই বডি
সেরা আন্তর্জাতিক ছবি: প্যারাসাইট
সেরা প্রামাণ্যচিত্র: হানিল্যান্ড
সেরা চিত্রগ্রহণ: রজার ডিকিন্স
সেরা সম্পাদনা: ইয়াং জিনমো