অস্কারের 'ভিজ্যুয়াল ইফেক্টস'-এর বাছাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্টার ওয়ার্স: ফোর্স অ্যাওয়াকেনস’ ছবির পোস্টার
‘স্টার ওয়ার্স: ফোর্স অ্যাওয়াকেনস’ ছবির পোস্টার

এ বছরের অস্কারের ‘ভিজ্যুয়াল ইফেক্টস’ (ভিএফএক্স) বিভাগের জন্য বাছাই করা দশ ছবির তালিকা শীর্ষে নাম এসেছে ‘স্টার ওয়ার্স: ফোর্স অ্যাওয়াকেনস’, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ ছবির। সোমবার এ তথ্য জানিয়েছে একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। এই বাছাই তালিকায় এর পরপরই রয়েছে, ‘অ্যান্ট ম্যান’, ‘দ্য রেভেনান্ট’, ‘এক্স মেশিনা’, ‘দ্য মার্শিয়ান’, ‘টুমোরোল্যান্ড’ এবং ‘দ্য ওয়াক’। ভিজ্যুয়াল ইফেক্টের শাখা নির্বাহী কমিটি মনোনয়নের জন্য প্রাথমিক বাছাই ২০ ছবির তালিকা থেকে বাছাই করে এ তালিকার ঘোষণা দেন। এখান থেকেই ৫টি ছবি অস্কারের জন্য মনোনয়ন পাবে।
এদিকে, প্রাথমিক বাছাই থেকে যে দশটি ছবির নাম বাদ পড়েছে, সেগুলো হচ্ছে—‘ব্রিজ অব স্পাইস’, ‘চাপ্পি’, ‘এভারেস্ট’, ‘ফিউরিয়াস সেভেন’, ‘দ্য হাঙ্গার গেমস: মকিং জে-পার্ট টু’, ‘ইন দ্য হার্ট অব দ্য সি’, ‘জুপিটার অ্যাসেন্ডিং’, ‘মিশন ইম্পসিবল: রোগ নেশন’, ‘স্পেকটর’ এবং ‘টার্মিনেটর জেনেসিস’।
এবারের বাছাইকৃত ছবির তালিকায় ভবিষ্যৎ, কাল্পনিক ও সায়েন্স ফিকশন বিষয়নির্ভর ছবিগুলোই রাজত্ব করছে। বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে তৈরি ছবির তালিকায় থাকা দুটি ছবি হচ্ছে—‘দ্য রেভেনান্ট’ এবং ‘দ্য ওয়াক’। প্রথম ছবিটি নির্মিত হয়েছে ১৯ শতকের একজন ফাঁদ শিকারির বেঁচে থাকার সংগ্রাম নিয়ে। আর পরের ছবিটি নির্মাণ করা হয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের মাঝ দিয়ে ফিলিপ পেটিটস এর ১৯৭৪ সালের পরিভ্রমণ নিয়ে। ১৯৭৭ সালের ‘স্টার ওয়ার্স’ সেই সময়ের এই বিভাগের পুরস্কারটি নিজের ঝুলিতে ভরেছিল। অন্যদিকে, ১৯৯৩ সালের ‘জুরাসিক পার্ক’ ছবিটিও একই পুরস্কার নিয়ে ঘরে ফিরেছিল। তাই অতীতের কথা ভাবলে এবারের প্রতিযোগিতাটি বেশ জমজমাট হয়ে উঠতে পারে বলেই মন্তব্য করেছে অস্কার কমিটি।

‘অ্যান্ট ম্যান’, ‘টুমরোল্যান্ড’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘স্টার ওয়ার্স’, ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো ছবিতে ভিজ্যুয়াল ইফেক্ট-এর কাজ করে এ প্রতিযোগিতায় বিশেষ নজর কেড়েছে ভিজ্যুয়াল ইফেক্ট হাউস ‘আইএলএম’।
আসছে জানুয়ারির ৯ তারিখ ভিজ্যুয়াল ইফেক্টস-এর নির্বাহী কমিটির সদস্যরা অস্কার মনোনয়নের জন্য বাছাইকৃত এই ছবিগুলোর প্রত্যেকটি থেকে ১০ মিনিটের ফুটেজ দেখবেন এবং চিত্রায়ণের মান বিচার করে অস্কার মনোনয়নের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। ৮৮ তম ‘বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ডস’-এর জন্য মনোনীত ছবির তালিকা ঘোষণা করা হবে আগামী ১৪ জানুয়ারি এবং ফেব্রুয়ারির ২৮ তারিখে অস্কারের আসর বসবে। হলিউড রিপোর্টার। এনডিটিভি।