>

নানা ঘটনা, নতুন ইতিহাস, তর্ক-বিতর্ক আর হাসি-কান্নায় ঘেরা ছিল ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড আয়োজন। গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় অস্কারের মূল আয়োজন। লালগালিচায় তারকাদের আবির্ভাব–মুহূর্ত থেকে শুরু করে সেরা ছবির নাম ঘোষণার পর মঞ্চে বিজয়ীদের উল্লাস—সবই দেখা যায় অস্কার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে। তবে তাৎক্ষণিক সেই প্রচারের ফাঁকে কিছু ঘটনার বিস্তারিতও তো জানার থাকে। সেসব ঘটনা নিয়েই এই প্রতিবেদন।
আলো ছড়াল ‘স্পটলাইট’
অর্জনের ঝুলিতে মাত্র দুটি অস্কার। কিন্তু এই দুই জয় দিয়েই পুরো সন্ধ্যা নিজেদের দখলে নিয়ে নেয় স্পটলাইট ছবিটি। এটি জেতে এ বছরের সেরা ছবি এবং সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার।
টম ম্যাককার্থি পরিচালিত এই ছবিটি তৈরি হয়েছে বাস্তব ঘটনা অবলম্বন করে। একটি পত্রিকার কয়েকজন অনুসন্ধানী প্রতিবেদক একটি শহরে শিশুদের ওপর ঘটে যাওয়া যৌন নিপীড়নের পেছনের হোতাদের খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠেন। আর তাঁদের সেই অনুসন্ধানের গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি।
এর আগে বাফটা, ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড ও রাইটার্স চয়েজ অ্যাওয়ার্ডেও স্পটলাইট-এর জয়জয়কার হয়েছিল। তবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে তিনটি মনোনয়ন পেয়ে একটিতেও জয় না পাওয়ায় অস্কার আসরে ছবিটি নিয়ে কিছুটা সংশয় ছিল বোদ্ধাদের। কিন্তু শেষ নাগাদ অস্কার জিতে নেওয়ায় স্পটলাইট অস্কারসন্ধ্যার সবটুকু আলোই যেন তাদের দিকে টেনে নিল।